কমল স্বর্ণের দাম

কমল স্বর্ণের দাম
প্রতীকী ছবি

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম ২ লাখ ২০ হাজার ৮৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ১০টা থেকেই নতুন এই দর কার্যকর হয়েছে।

বিজ্ঞাপন

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ভ্যাটসহ স্বর্ণের এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াবে ২ লাখ ২০ হাজার ৮৫৭ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

সংগঠনটি স্পষ্ট করেছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দর বহাল থাকবে। অলঙ্কারের ডিজাইন অনুযায়ী নির্ধারিত মজুরি যুক্ত হবে। স্বর্ণ ও রুপার অলঙ্কার বিক্রয়মূল্যের ভেতরেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। পাশাপাশি, নির্ধারিত ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলঙ্কার বদল ও ক্রয়ের ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম অপরিবর্তিত থাকবে।

এর আগে গতকাল সোমবার সকালেই স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। সেদিন ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছিল। তখন ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছিল ভ্যাটসহ ২ লাখ ২৩ টাকা ৭৪ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করা হয়। ২৪ ঘণ্টার ব্যবধানেই আবার সেই পরিমাণ দাম কমানো হলো।

উল্লেখ্য, চলতি বছর এ পর্যন্ত দেশের বাজারে ৯৬ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো। এর মধ্যে ৪৭ বার দাম বাড়ানো হয়েছে, ৪৮ বার কমানো হয়েছে এবং ১ বার ভ্যাট সমন্বয় করা হয়েছে। এর আগে ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার দাম বেড়েছিল এবং ২৯ বার কমেছিল।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন