বেসরকারি খাতের প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান পদ ছেড়েছেন এইচ বি এম ইকবাল। তিনি ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ছিলেন। তবে ব্যাংকের নতুন চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে তার ছেলে ইমরান ইকবালকে। তিনি ব্যাংকের পরিচালক। ফলে ব্যাংকটি ইকবাল পরিবারের নিয়ন্ত্রণে রয়ে গেছে। এ ছাড়া তাদের মনোনীত ও পছন্দের অন্যান্য পরিচালকেরাও বহাল রয়েছেন। একইসঙ্গে তার আরেক ছেলে মইন ইকবালও ব্যাংকটির ভাইস চেয়ারম্যানের পদ ছেড়েছেন।
গত ১২ জানুয়ারি তারা দুজনে পদত্যাগ পত্র জমা দেন। এরপর ১৪ জানুয়ারি ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় তা অনুমোদন দেওয়া হয়।
১৯৯৯ সালে ব্যাংকটি প্রতিষ্ঠার পর থেকে এইচ বি এম ইকবাল ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব পালন কর আসছিলেন। ব্যাংকটির পরিচালক টানা ২৬ বছর চেয়ারম্যান থাকার সুবাদে ব্যাংক থেকে নানা উপায়ে অনৈতিক ও অবৈধ সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। নিজের একাধিক ভবনে ব্যাংকের প্রধান কার্যালয় ও শাখা ভাড়া দেওয়া এবং বেনামে ঋণ সুবিধা তার অন্যতম।
জানা যায়, এইচ বি এম ইকবাল স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন। মইন ইকবাল কোনো কারণ না দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন। একইসময়ে পদত্যাগ করেন ব্যাংকটির স্বতন্ত্র পরিচালক কাইজার এ. চৌধুরীও। যা ১৪ জানুয়ারি ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় অনুমোদন হয়। এরপর তা কেন্দ্রীয় ব্যাংককে অবহিত করা হয়।
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ ছাড়েন এইচ বি এম ইকবাল ও তার পরিবারের একাধিক সদস্য। এরপর দেশে না থাকলেও ব্যাংক পরিচালনা করে আসছিলেন। গত অক্টোবরে দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে এইচ বি এম ইকবাল, তাঁর স্ত্রী আঞ্জুমান আরা শিল্পী বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুদকের আবেদনে বলা হয়, এইচ বি এম ইকবালের বিরুদ্ধে জাল-জালিয়াতি, ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন দুর্নীতির মাধ্যমে ঋণের নামে অর্থ আত্মসাৎ করে নিজ ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক।
এরপর গত নভেম্বরে এইচ বি এম ইকবাল, তাঁর স্ত্রী আঞ্জুমান আরা শিল্পী ও তাঁদের তিন সন্তানের ব্যাংক হিসাব জব্দ করা হয়। এই তিন সন্তান হলেন মঈন উদ্দিন ইকবাল, ইকরাম ইকবাল ও নওরীন ইকবাল। সন্তানদের মধ্যে দুই ছেলে ছিলেন প্রিমিয়ার ব্যাংকের পরিচালক।
এ নিয়ে জানতে প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবু জাফরকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

