তিন মাসে পোশাক রপ্তানিতে আয় ১০৫৮ কোটি ডলার

তিন মাসে পোশাক রপ্তানিতে আয় ১০৫৮ কোটি ডলার
ছবি: সংগৃহীত

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) দেশে তৈরি পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ১,০৫৭ কোটি ৮৬ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ের ৯৯৭.০৪ কোটি ডলারের তুলনায় আয় বেড়েছে ৬.১০ শতাংশ। তবে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কয়েকটি গুরুত্বপূর্ণ দেশে রপ্তানি কমেছে। বিপরীতে যুক্তরাষ্ট্র ও অপ্রচলিত বাজারে আয় বাড়ায় সামগ্রিক রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ দেখা যায়, আলোচ্য সময়ে নিট পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ৫৯৬.৩৮ কোটি ডলার। আগের বছরের একই সময়ের ৫৫৮ কোটি ডলারের তুলনায় এ খাতে প্রবৃদ্ধি ৬.৮৮ শতাংশ। অন্যদিকে ওভেন পোশাক রপ্তানি থেকে আয় দাঁড়িয়েছে ৪৬১.৪৮ কোটি ডলারে, যা আগের বছরের ৪৩৯.০৪ কোটি ডলারের চেয়ে ৫.১১ শতাংশ বেশি।

বিজ্ঞাপন

দেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার ইউরোপীয় ইউনিয়নে জুলাই-সেপ্টেম্বর সময়ে রপ্তানি হয়েছে ৪৯০.৪০ কোটি ডলারের পোশাক। আগের বছরের ৪৭৪.৬১ কোটি ডলারের তুলনায় প্রবৃদ্ধি ৩.৩৩ শতাংশ। মোট রপ্তানিতে এ অঞ্চলের অংশ ৪৬.৩৬ শতাংশ।

ইইউর বড় বাজারগুলোর মধ্যে স্পেনে আয় হয়েছে ১১৪.৮৫ কোটি ডলার, বেড়েছে ১৩.৭৩ শতাংশ। জার্মানিতে রপ্তানি দাঁড়িয়েছে ১১২.৩০ কোটি ডলারে, কমেছে ০.১৫ শতাংশ। নেদারল্যান্ডসে আয় হয়েছে ৫৯.৭৫ কোটি ডলার, প্রবৃদ্ধি ৯.০২ শতাংশ। ফ্রান্সে রপ্তানি কমে ৪৪.৯৪ কোটি ডলারে দাঁড়িয়েছে, পতন ৪.৯১ শতাংশ।

একক দেশ হিসেবে দ্বিতীয় বৃহত্তম বাজার যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ২২২.০৯ কোটি ডলার। আগের বছরের ২০১.১৭ কোটি ডলারের তুলনায় প্রবৃদ্ধি ১০.৪০ শতাংশ। মোট রপ্তানিতে দেশটির অংশ ২০.৯৯ শতাংশ।

যুক্তরাজ্যে রপ্তানি বেড়ে ১২৯.২১ কোটি ডলারে পৌঁছেছে, প্রবৃদ্ধি ৫.৯৪ শতাংশ। কানাডায় আয় হয়েছে ৩৪.৯৭ কোটি ডলার, বেড়েছে ৩.৮৫ শতাংশ।

প্রচলিত বাজারের বাইরে অপ্রচলিত গন্তব্যগুলোতে রপ্তানি আয় হয়েছে ১৮১.১৯ কোটি ডলার। আগের বছরের ১৬৫.৬৩ কোটি ডলারের তুলনায় প্রবৃদ্ধি ৯.৪০ শতাংশ। মোট রপ্তানিতে এসব বাজারের অংশ ১৭.১৩ শতাংশ।

দেশভিত্তিক হিসাবে তুরস্কে আয় বেড়ে ১৪.৬৬ কোটি ডলারে দাঁড়িয়েছে, প্রবৃদ্ধি ১২৩.১৪ শতাংশ। ব্রাজিলে রপ্তানি হয়েছে ৬.৩১ কোটি ডলার, বেড়েছে ৪১.৫৮ শতাংশ। সংযুক্ত আরব আমিরাতে আয় হয়েছে ৭.৪৩ কোটি ডলার, প্রবৃদ্ধি ১৮.৬৭ শতাংশ। বিপরীতে রাশিয়ায় রপ্তানি কমেছে ২১.৩০ শতাংশ, নিউজিল্যান্ডে ১২.৪৯ শতাংশ এবং ভারতে ৫.৩৭ শতাংশ।

বাজারসংশ্লিষ্টদের মতে, অর্থবছরের প্রথম প্রান্তিকে নিট ও ওভেন—উভয় ধরনের পোশাক রপ্তানিতেই প্রবৃদ্ধি হয়েছে। তবে প্রধান বাজারগুলোর মধ্যে ইউরোপের কয়েকটি দেশে আয় কমে যাওয়ায় বাজার সম্প্রসারণ ও বিদ্যমান গন্তব্যগুলোতে রপ্তানির ধারাবাহিকতা বজায় রাখা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন