নেত্রকোণার মোহনগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার উপজেলার ২ নম্বর বড়তলী-বানিহারী ইউনিয়নের উলুকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো—উলুকান্দা গ্রামের বেপারীবাড়ির আল মামুন মিয়ার মেয়ে জান্নাতুল (৮) এবং ফারুক মিয়ার মেয়ে মিহি (৭)। তারা উভয়েই স্থানীয় ‘মারকাজুল উলুম উলুকান্দা মাদরাসা’র প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরের দিকে শিশু দুটিকে কোথাও দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাদের ভাসমান অবস্থায় দেখতে পান স্বজনেরা। পরে দুপুর ২টা ১০ মিনিটের দিকে তাদের উদ্ধার করে দ্রুত মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. অলক কান্তি তালুকদার জানান, পানিতে ডোবা দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মোহনগঞ্জ থানার ওসি মো. হাফিজুল ইসলাম হারুন বলেন, পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে কোনো অভিযোগ না থাকায় লাশ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

