১০০ বিলিয়ন ডলার রপ্তানি লক্ষ্যমাত্রা নিয়ে উদ্যোগ বিজিএমইএ-বিটিএমএর

১০০ বিলিয়ন ডলার রপ্তানি লক্ষ্যমাত্রা নিয়ে উদ্যোগ বিজিএমইএ-বিটিএমএর
ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী টেক্সটাইল ও তৈরি পোশাক খাতকে বিশ্বমঞ্চে আরও শক্তিশালী, উদ্ভাবনী ও পরিবেশবান্ধব রূপে তুলে ধরতে এক গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) এবং বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। এ লক্ষ্যমাত্রা পূরণে একটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইভেন্ট অর্গানাইজারের সহযোগিতায় বিশ্বমানের বাংলাদেশ ইন্টারন্যাশনাল টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল মেশিনারি এক্সিবিশন (বিটমা) আয়োজন করা হবে। এ উদ্যোগের মূল লক্ষ্য- বাংলাদেশের ১০০ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানো, প্রযুক্তিনির্ভর আধুনিকায়ন এবং নতুন বাজার সম্প্রসারণ করা।

মঙ্গলবার রাজধানীর গুলশান ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল ও বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

বিজ্ঞাপন

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের শীর্ষ নেতৃত্ব, অফিস বেয়ারার, পরিচালনা পর্ষদের সদস্য ও পরিচালক এবং দূরদর্শী নীতি-নির্ধারকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য দেন- বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেল, বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান, বিটিএমএর সাবেক সভাপতি এ. মতিন চৌধুরী, বিজিএমইএর সাবেক সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী (পারভেজ), বর্তমান সহ-সভাপতি (অর্থ) মিজানুর রহমান এবং বিটিএমএর সাবেক সহসভাপতি আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

এ উদ্যোগ অটোমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সর্বাধুনিক প্রযুক্তি এবং টেকসই ফ্যাশন ধারার এক অভূতপূর্ব সমন্বয় ঘটাবে বলে মনে করেন অংশীজনরা। অনুষ্ঠানে জানানো হয়, প্রদর্শনীর পরিচালনা, কৌশলগত সিদ্ধান্ত ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে ১০ সদস্যের একটি শক্তিশালী যৌথ কমিটি গঠন করা হবে, যেখানে বিটিএমএ ও বিজিএমইএর ৫ জন করে সম-প্রতিনিধিত্ব থাকবে। একই সঙ্গে কমিটির চেয়ারম্যানশিপ প্রতি বছর দুই সংগঠনের মধ্যে পর্যায়ক্রমে আবর্তিত হবে। প্রথম বছর বিটিএমএ থেকে চেয়ারম্যান এবং বিজিএমইএ থেকে কো-চেয়ারম্যান মনোনীত হবেন।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বলেন, ‘বিশ্বজুড়ে পোশাকশিল্পে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং গ্রিন টেকনোলজির যে বিপ্লব ঘটছে, বাংলাদেশকে তার অগ্রভাগে রাখাই আমাদের মূল লক্ষ্য। বিটিএমএ ও বিজিএমইএর এই ঐক্যবদ্ধ প্রচেষ্টা আমাদের শিল্পকে উচ্চমূল্যের পণ্য উৎপাদনে সহায়তা করবে এবং এথিক্যাল ও পরিবেশবান্ধব পোশাক উৎপাদনে বিশ্বস্ত হাব হিসেবে বাংলাদেশের ভাবমূর্তিকে আরও নতুন উচ্চতায় নিয়ে যাবে।’

বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, ‘টেক্সটাইল ও পোশাক খাত একই মুদ্রার এপিঠ-ওপিঠ। এই সমঝোতা স্মারক কেবল একটি প্রদর্শনীর আয়োজন নয়, বরং এটি প্রযুক্তিগত রূপান্তর, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ এবং দক্ষতা উন্নয়নের একটি স্থায়ী প্ল্যাটফর্‌ম। আন্তর্জাতিক শীর্ষ প্রযুক্তি সরবরাহকারীদের সরাসরি ঢাকায় এনে আমরা আমাদের স্থানীয় প্রস্তুতকারকদের বৈশ্বিক প্রতিযোগিতায় কয়েক ধাপ এগিয়ে দেব।’

দুই শীর্ষ নেতার এই স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, সরাসরি প্রযুক্তি হস্তান্তর এবং বিশ্বব্যাপী নতুন বাণিজ্যিক নেটওয়ার্ক তৈরির মাধ্যমে দেশের অর্থনীতিতে এক নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচিত হবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন