ইসলামী ব্যাংক গ্রাহকদের হুঁশিয়ারি

খুরশিদ আলমকে চেয়ারম্যানের দায়িত্ব দিলে গভর্নরকে বিদায় নিতে হবে

স্টাফ রিপোর্টার

খুরশিদ আলমকে চেয়ারম্যানের দায়িত্ব দিলে গভর্নরকে বিদায় নিতে হবে

ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর পলাতক খুরশিদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন গ্রাহকরা। তারা বলেন, খুরশিদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হলে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বিদায় নিতে হবে।

গতকাল সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এই হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। ‘ইসলামী ব্যাংকে ফ্যাসিবাদের দোসর ও এস আলমের সুবিধাভোগীকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ এবং সম্পূর্ণ অন্যায়ভাবে এমডিকে পদত্যাগে বাধ্য করার প্রতিবাদে’ ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

বিজ্ঞাপন

ফোরামের সভাপতি অধ্যাপক নুর নবী মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সহ-সভাপতি মাওলানা ফরিদুল ইসলাম, ব্যাংকের শেয়ারহোল্ডার বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী শাহীন আহমেদ খান, মোতাছিম বিল্লাহ, শামীম হাসনাইন, ব্যবসায়ী আব্দুর রহমান, অ্যাডভোকেট আব্দুল বারী প্রমুখ।

বক্তারা বলেন, খুরশিদ আলমকে ব্যাংকে ঢুকতে হলে তিন কোটি গ্রাহকের রক্তের ওপর দিয়ে ব্যাংকে ঢুকতে হবে। ব্যাংকের গ্রাহকেরা নিজেদের আমানত রক্ষায় ব্যাংক পাহারা দিতে বাধ্য হবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে তার পূর্ণ দায়ভার বাংলাদেশ ব্যাংকের গভর্নরকেই নিতে হবে।

তারা আরো বলেন, ইসলামী ব্যাংক নিয়ে পতিত আওয়ামী লীগ যেই ষড়যন্ত্রে লিপ্ত ছিল একই ষড়যন্ত্রে নব্য ফ্যাসিবাদীরাও লিপ্ত রয়েছে।

ইসলামী ব্যাংক ধ্বংস করে ব্যাংকের আমানত লুটপাট ও পাচার করার উদ্দেশ্যে পতিত আওয়ামী লীগের দোসর বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর পলাতক খুরশিদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, এস আলমের উত্তরসূরি ‘কে আলম’ (খুরশিদ আলম) কে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে মেনে নেওয়া হবে না, ব্যাংকে ঢুকতে দেওয়া হবে না।

তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, এস আলমের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করছে। বক্তারা ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুকে স্ব-পদে বহাল রেখে ব্যাংকের অগ্রযাত্রা এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

তারা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের উদ্দেশ্যে আরো বলেন, আপনি যদি গ্রাহকদের আমানতের সুরক্ষা নিশ্চিত করার পরিবর্তে ব্যাংক লুটেরা ও দুর্নীতিবাজদের হাতে ব্যাংক তুলে দিতে চান, তবে গ্রাহকেরা নিজেদের আমানত রক্ষায় যা যা করার তার সবকিছুই করবে। ইসলামী ব্যাংকের শক্তি তিন কোটি গ্রাহক, ইসলামী ব্যাংকের প্রকৃত মালিকানা মালিকদের হাতেই থাকতে হবে। কোনো লুটেরাদের হাতে ইসলামী ব্যাংক তুলে দেওয়া হবে না।

মানববন্ধনে ইসলামী ব্যাংকের শত-শত শেয়ারহোল্ডার, গ্রাহক ও বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ অংশগ্রহন করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন