আন্তর্জাতিক বাজারে তুরস্কের জলপাই তেল রপ্তানি নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য কর ও বাণিজ্যিক বাধার কারণে দেশটির জলপাই তেল রপ্তানিকারকরা উদ্বেগ প্রকাশ করে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তুরস্কের কৃষকদের কাছে জলপাই হচ্ছে ‘সবুজ সোনা’ বা মূল্যবান কৃষিপণ্য।
তুরস্কের জলপাই তেল খাতের ব্যবসায়ীরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের বাজারে অতিরিক্ত শুল্ক বা কর আরোপ করা হলে তুর্কি পণ্যের দাম বেড়ে যেতে পারে এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় নেতিবাচক প্রভাব পড়তে পারে। যুক্তরাষ্ট্র তুরস্কের জলপাই তেলের অন্যতম গুরুত্বপূর্ণ বাজার হওয়ায় এ ধরনের সিদ্ধান্ত রপ্তানিকারকদের জন্য বড় চাপ তৈরি করতে পারে। সূত্র : তুরস্কের দৈনিক সোজচু।
রপ্তানিকারকদের ভাষ্য, জলপাই তেল শিল্পের সঙ্গে শুধু বড় কোম্পানি নয়, হাজার হাজার কৃষক ও ক্ষুদ্র উৎপাদকও জড়িত। তাই রপ্তানি বাজারে কোনো ধরনের বাধা তৈরি হলে এর প্রভাব পুরো উৎপাদন ব্যবস্থার ওপর পড়তে পারে।
তুরস্ক বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপাই ও জলপাই তেল উৎপাদনকারী দেশ। সাম্প্রতিক বছরগুলোতে দেশটি রপ্তানি বাজার সম্প্রসারণের চেষ্টা করছে। তবে বৈশ্বিক বাজারে উৎপাদন খরচ, সরবরাহ পরিস্থিতি এবং নতুন বাণিজ্য নীতির কারণে খাতটি বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে।
রপ্তানিকারকরা বলছেন, যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশাধিকার বজায় রাখা তুরস্কের জলপাই তেল শিল্পের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। এ কারণে সম্ভাব্য কর বাধা মোকাবিলায় দ্রুত কূটনৈতিক ও বাণিজ্যিক উদ্যোগ প্রয়োজন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

