এবার একীভূত করার পক্ষে সম্মত হয়েছে ইউনিয়ন ব্যাংক। এর আগে গতকাল মঙ্গলবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এ উদ্যোগে সম্মতি জানিয়েছে। আর্থিক অবস্থা দুর্বল থাকার কারণে ইসলামি ধরার পাঁচটি ব্যাংক একীভূত করার উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক।
বুধবার বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে একীভূতকরণ উদ্যোগে সম্মত হওয়ার কথা জানায় ইউনিয়ন ব্যাংক। সভায় গভর্নর আহসান এইচ মনসুর ভার্চুয়ালি অংশ নেন। এসময় চার ডেপুটি গভর্নর, ব্যাংক রেজল্যুশন বিভাগের কর্মকর্তারা, ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান এম ফরিদ উদ্দীন ও ব্যবস্থাপনা পরিচালক হুমায়ন কবির উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে ফরিদ উদ্দীন বলেন, ‘আমানতকারীরা টাকা নিতে আসছেন। আমরা দিতে পারছি না। এজন্য যত দ্রুত এসব ব্যাংক নিয়ে সিদ্ধান্ত হবে ততই ভালো। এ ক্ষেত্রে এসব ব্যাংক একীভূত, পুনর্গঠন বা অন্য কিছু হতে পারে।’
তিনি জানান, ইউনিয়ন ব্যাংক থেকে ২৮ হাজার কোটি টাকা নিয়ে গেছে এস আলম। যাদের নামে ঋণ নেওয়া হয়েছে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। যে কারণে আমানতকারীদের টাকা ফেরত দিকে সমস্যা হচ্ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

