রমজানের ১০ নিত্যপণ্য আমদানিতে ব্যাংকের এলসি শর্ত শিথিল

রমজানের ১০ নিত্যপণ্য আমদানিতে ব্যাংকের এলসি শর্ত শিথিল
ছবি: সংগৃহীত।

আসন্ন পবিত্র রমজান মাস সামনে রেখে ১০টি পণ্য আমদানির ক্ষেত্রে ঋণপত্র (এলসি) খোলার মার্জিন সর্বনিম্ন পর্যায়ে রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। স্থানীয় বাজারে এসব পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা এবং দাম সহনীয় পর্যায়ে রাখতেই এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

রোববার কেন্দ্রীয় ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

এতে বলা হয়, ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে এসব পণ্য আমদানির এলসি খোলার ক্ষেত্রে নগদ মার্জিনের হার সর্বনিম্ন পর্যায়ে রাখতে হবে। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে এবং আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত বলবৎ থাকবে।

নতুন এ সুবিধার আওতায় চাল, গম (আটা), পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল (সয়াবিন ও পাম অয়েল), চিনি, ছোলা, মটর, মসলা ও খেজুর আমদানি করা যাবে। রমজান মাসে এসব পণ্যের চাহিদা বাড়ার বিষয়টি বিবেচনায় নিয়ে আমদানি সহজীকরণের মাধ্যমে পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা এবং প্রয়োজনীয় সরবরাহ নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, অভ্যন্তরীণ বাজারে এসব পণ্যের সরবরাহ নিশ্চিত করতে আমদানির ঋণপত্র খোলার ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে।

এর আগে ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর জারি করা এক নির্দেশনায় নির্দিষ্ট কিছু পণ্য আমদানির ঋণপত্র খোলার ক্ষেত্রে ১০০ শতাংশ নগদ মার্জিন সংরক্ষণের নির্দেশ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। পরে ২০২৫ সালের ১১ নভেম্বর জারি করা আরেক নির্দেশনায় রমজানের চাহিদার পরিপ্রেক্ষিতে নির্দিষ্ট কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানির ক্ষেত্রে ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে নগদ মার্জিনের হার সর্বনিম্ন পর্যায়ে রাখার নির্দেশনা দেওয়া হয়। ওই নির্দেশনার কার্যকারিতা ছিল ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন