গাজীপুরের টঙ্গীবাজার হাজীর মাজার বস্তিতে অবৈধভাবে গড়ে ওঠা বেশ কয়েকটি মাদকের আস্তানা গুঁড়িয়ে দিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সোমবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত বস্তিতে অভিযান চালিয়ে চিহ্নিত এসব মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়।
এতে নেতৃত্ব দেন রাজউকের উপপরিচালক (এস্টেট ও ভূমি-৩) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লিটন সরকার।
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন রাজউকের উপপরিচালক (এস্টেট-২) আসাদুজ্জামান বিশ্বাস, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. বেলায়েত হোসেন, উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) এস এম শফিকুল ইসলাম এবং টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমানসহ প্রশাসন ও রাজউকের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।
পুলিশ জানায়, টঙ্গীর হাজীর মাজার বস্তির বিভিন্ন স্পটে অবৈধভাবে বেশ কয়েকটি মাদকের আস্তানা গড়ে তুলে গণহারে মাদক সেবন ও বেচাকেনা করে আসছিল একটি চক্র। প্রতিদিন শত শত তরুণ ও যুবক মাদক সেবন ও ক্রয়ের জন্য এখানে আসত। এর আগে কয়েকবার পুলিশ ও যৌথ বাহিনীর অভিযান চালানো হলেও মাদকসেবী ও কারবারিরা দমেনি। ফলে এসব আস্তানা স্থায়ীভাবে গুঁড়িয়ে দেওয়ার এ অভিযান শুরু হয়েছে।
এ ব্যাপারে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. বেলায়েত হোসেন বলেন, হাজীর মাজার বস্তিকে কেন্দ্র করে বেশ কয়েকটি অপরাধী চক্র সক্রিয় রয়েছে। এ ছাড়া রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকার অপরাধীরা অপরাধ সংঘটিত করার পর এখানে এসে আশ্রয় নেয়। এর আগে এই বস্তিতে প্রায় ১০ বার অভিযান চালানো হয়েছিল এবং সে সময় বেশ কয়েকটি মাদকের আস্তানা চিহ্নিত করা হয়। আজ সেই চিহ্নিত আস্তানাগুলো গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

