বরিশাল নগরীর নতুন বাজার ফরেস্ট অফিসসংলগ্ন ময়লার স্তূপে দুই নবজাতকের লাশ পাওয়া গেছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে দুটি প্লাস্টিকের কৌটার ভেতর নবজাতক দুটি পাওয়া যায়।
এ সময় কৌতূহলী মানুষের ভিড় জমে ওই এলাকায়। তবে কে বা কারা মৃত নবজাতক দুটিকে ফেলে রেখে গেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
পরিচ্ছন্নতাকর্মী জাকির হোসেন বলেন, ‘প্রতিদিনের মতো ময়লা পরিষ্কার করছিলাম। হঠাৎ বড় আকারের দুটি প্লাস্টিকের কৌটায় চোখে পড়ে। কাছে গিয়ে দেখি, কৌটার ভেতরে দুটি নবজাতক রয়েছে। বিষয়টি স্থানীয় লোকজনকে জানানোর পর ঘটনাস্থলে ভিড় জমে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নবজাতক দুটির লাশ উদ্ধার করে।’
স্থানীয় বাসিন্দাদের দাবি, নতুন বাজার ও এর আশপাশে একাধিক বেসরকারি ক্লিনিক রয়েছে। তাদের ধারণা, কোনো একটি চিকিৎসাপ্রতিষ্ঠান থেকে ময়লা-আবর্জনার সঙ্গে দুই নবজাতককে ফেলা হতে পারে।
এ সময় ঘটনাস্থলে থাকা কোতোয়ালি থানার পুলিশ জানায়, খবর পাওয়ার সময় তারা ওই এলাকায় টহলে ছিল। থানা থেকে বিষয়টি জানানোর পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি দেখে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে খবর দেওয়া হয়। পরে নবজাতক দুটির লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে নেওয়া হয়।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃত অবস্থায় দুই নবজাতককে উদ্ধার করে। পরে তাদের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। নবজাতক দুটির পরিচয় এবং কীভাবে ময়লার স্তূপে এলো, তা জানতে তদন্ত শুরু হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে বলেও জানান ওসি।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

