চুয়াডাঙ্গায় পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীসহ চারজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দুপুরের মধ্যে জেলার সদর ও দামুড়হুদা উপজেলার বিভিন্ন এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে দামুড়হুদা উপজেলার কালিয়াবকরী গ্রামে বৈদ্যুতিক মেশিনে ঘাস কাটার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন কৃষক লিটন আলী। এ সময় স্বামীকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তার স্ত্রীও। প্রতিবেশীরা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এদিকে, চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ইজিবাইকচালকের মৃত্যু হয়েছে। আলুকদিয়ায় ইজিবাইকের ব্যাটারি চার্জ দেওয়ার সময় নাসির উদ্দীন (৪০) নামের ওই চালক মারা যান। নাসির উদ্দীন সদর উপজেলার আলুকদিয়া গ্রামের চকপাড়ার গিয়াস উদ্দিনের ছেলে।
অন্যদিকে, দামুড়হুদায় বৈদ্যুতিক মোটর চুরি করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শফিকুল ইসলাম বরু (৪৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামে ওই ঘটনা ঘটে। শফিকুল ইসলাম দর্শনা পৌর এলাকার শান্তিপাড়ার মৃত সিরাজুল ইসলামের ছেলে।
চুয়াডাঙ্গা সদর ও দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

