ওমরাহ করতে সৌদি গিয়ে নিখোঁজ পরশুরামের বারকু মিয়া

ওমরাহ করতে সৌদি গিয়ে নিখোঁজ পরশুরামের বারকু মিয়া
নিখোঁজ মো. বারকু মিয়া

পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরবে গিয়ে নিখোঁজ হয়েছেন ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের মো. বারকু মিয়া (৬০)। গত শনিবার দুপুরে মক্কার পবিত্র মসজিদুল হারাম শরিফে নামাজ পড়তে যাওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন পরিবারের সদস্য ও স্বজনরা।

নিখোঁজ মো. বারকু মিয়া পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের বটতলী বাজারের পূর্ব পাশে উত্তর কাউতলী গ্রামের বাসিন্দা।

বিজ্ঞাপন

পরিবার সূত্রে জানা যায়, পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সম্প্রতি সৌদি আরবে যান বারকু মিয়া। গত ১২ সেপ্টেম্বর দুপুরে তিনি মক্কার মসজিদুল হারাম শরিফে নামাজ আদায় করতে যান। এরপর থেকে তার সঙ্গে থাকা স্বজনদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দীর্ঘ সময় পার হলেও তিনি ফিরে না আসায় স্বজনরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

নিখোঁজ বারকু মিয়ার ছেলে মো. মাসুদ জানান, তার বাবা ওমরাহ পালনের জন্য সৌদি আরবে গিয়েছিলেন। শনিবার দুপুরে মসজিদুল হারাম শরিফে নামাজ পড়তে যাওয়ার পর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।

তিনি বলেন, বাবাকে কোথাও খুঁজে না পেয়ে পরিবারের সবাই দুশ্চিন্তায় রয়েছেন। সৌদি আরবে থাকা পরিচিতজন ও স্বজনদের মাধ্যমে বিভিন্ন জায়গায় খোঁজ নেওয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, নিখোঁজ বারকু মিয়ার সন্ধানে সৌদি আরবে থাকা বাংলাদেশি প্রবাসীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হচ্ছে। কেউ তাকে মক্কা বা আশপাশের এলাকায় দেখতে পেলে কিংবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পেলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

নিখোঁজ বারকু মিয়ার সন্ধান পেতে যোগাযোগের নম্বর: ০৫৯২৬৭৯৬৬৮, ০৫৭০২৬৩১৪১।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন