কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় পাচারের সময় ভ্যানবোঝাই সার আটক করেছেন স্থানীয় জনতা। এ ঘটনায় জড়িত অভিযুক্ত সার ও কীটনাশক ব্যবসায়ী আজিমুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ২০ বস্তা সার জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।
রোববার উপজেলার বালারহাটে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় রাতে অভিযুক্ত আজিমুল ইসলাম ও সার ডিলার সৈকত ট্রেডার্সের সদস্যসহ তিনজনের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।
সার সংকটের সময়ে কৃষকেরা যখন এক বস্তা সারের জন্য ঘণ্টাব্যাপী লাইনে দাঁড়িয়ে থাকেন, ঠিক সেই সময়ে ভ্যানবোঝাই সার অন্যত্র পাচারের ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
রোববার কৃষকদের সার বিতরণ শেষে ফেরার পথে উপসহকারী কৃষি কর্মকর্তারা বাজারে সারের বস্তাবোঝাই একটি ভ্যানগাড়ি দেখতে পান। ভ্যানগাড়ির চালককে সারগুলো সম্পর্কে প্রশ্ন করলে কীটনাশক ব্যবসায়ী আজিমুল ইসলাম প্রথমে জানান সারগুলো তার।
একজন কৃষক হিসেবে ৪ বস্তা সার পাওয়ার কথা থাকলেও ২০ বস্তা কেন?আজিমুলকে এমন প্রশ্ন করা হলে তিনি কৃষি কর্মকর্তাদের জানান, অন্যান্য কৃষকদের সার একসঙ্গে নিয়ে যাচ্ছেন। পরে অন্যান্য কৃষকদের আইডি কার্ড ও ডিলারের কাছ থেকে প্রদত্ত সারের স্লিপ চাওয়া হলে তিনি তা দেখাতে পারেননি। এসময় স্থানীয় জনতা ভ্যাগাড়ি আটকে রাখেন।
বিষয়টি ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা আকতারকে জানানো হলে তার নির্দেশে সারসহ কীটনাশক ব্যবসায়ী আজিমুল ইসলামকে ফুলবাড়ী থানায় নিয়ে আসা হয়। পরে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে গ্রেপ্তারকৃত কীটনাশক ব্যবসায়ী আজিমুল ইসলামসহ তিনজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়।
এ প্রসঙ্গে ফুলবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ২০ বস্তা সারসহ কীটনাশক ব্যবসায়ী আজিমুল ইসলামসহ জড়িত তিনজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম জানান, সার আটকের ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এর মধ্যে আজিমুল নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

