ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা চুরি করতে এসে কারাগারে যুবক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা চুরি করতে এসে কারাগারে যুবক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই প্রযুক্তির ক্যামেরা চুরি করতে আসা ফারুক (৪০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ। আদালতের নির্দেশে পরবর্তী সময়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

গতকাল বুধবার রাত দেড়টার দিকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার রায়পুর এলাকায় মহাসড়কের ১৭৯ নম্বর পিলারে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার ফারুক দাউদকান্দির মালিখিল এলাকার ধানু মিয়ার ছেলে।

জানা গেছে, ফারুক মহাসড়কের ঢাকামুখী লেনে ১৭৯ নম্বর পিলারের এআই ক্যামেরার যন্ত্রপাতি চুরির উদ্দেশ্যে খুঁটিতে ওঠার চেষ্টা করেন। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা তাকে হাতেনাতে ধরে ফেলেন এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দেন। খবর পেয়ে দাউদকান্দি হাইওয়ে ক্রসিং থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে দাউদকান্দি মডেল থানায় হস্তান্তর করে। সরকারি সম্পত্তি চুরির চেষ্টার অভিযোগে ফারুকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি প্রেমদাস রায় জানান, আসামিকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

হাইওয়ে কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খান বলেন, মহাসড়কে স্থাপিত এআই ক্যামেরাগুলো রাষ্ট্রীয় সম্পদ। সড়ক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এসব ক্যামেরা রক্ষায় পুলিশ সতর্ক রয়েছে। পাশাপাশি সরকারি সম্পত্তি সুরক্ষায় তিনি সর্বসাধারণের সহযোগিতা কামনা করেন।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...