সার্ভার জটিলতায় ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ৬ দিন

সার্ভার জটিলতায় ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ৬ দিন

ই-ভ্যাট ব্যবস্থায় সার্ভার জটিলতায় অনলাইনে রিটার্ন জমা দিতে গিয়ে করদাতাদের ভোগান্তির পরিপ্রেক্ষিতে অক্টোবর মাসের ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা আরো ছয় দিন বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২২ নভেম্বর পর্যন্ত জরিমানা ছাড়া অক্টোবর মাসের রিটার্ন জমা দেওয়া যাবে।

বিজ্ঞাপন

সোমবার এনবিআরের দ্বিতীয় সচিব শেখ মো. মাসুদুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ সময় বাড়ানো হয়। আদেশে বলা হয়েছে, গত ১৫ নভেম্বর ই-ভ্যাট সিস্টেমে একসঙ্গে অতিরিক্তসংখ্যক ব্যবহারকারী প্রবেশ করায় সার্ভার জটিলতা সৃষ্টি হয়। এতে করদাতাদের অক্টোবর মাসের রিটার্ন নির্ধারিত সময়ের মধ্যে দাখিলের কার্যক্রম বিঘ্নিত হয়েছে। এ কারণে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪ ধারার উপধারা (২)-এর প্রদত্ত ক্ষমতাবলে সময়সীমা বাড়ানো হয়েছে।

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪ ধারায় ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এতে ‘কর মেয়াদ সমাপ্তির অনধিক ১৫ দিনের মধ্যে’ রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা নির্ধারণ করা হয়েছে। সে হিসাবে অক্টোবর মাসের রিটার্ন জমা দেওয়ার মেয়াদ গতকাল ১৫ নভেম্বর শেষ হয়।

অবশ্য ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে মাসিক ভ্যাট রিটার্ন দাখিলের পরিবর্তে প্রতি তিন কর মেয়াদ বা তিন মাস পরপর রিটার্ন জমার বিধান করা হয়েছিল। এতে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসের রিটার্ন একসঙ্গে দাখিলের সুযোগ তৈরি হয়। তবে এ ব্যবস্থায় রাজস্ব আদায় ও মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনায় জটিলতা দেখা দেওয়ায় সরকার আবার মাসভিত্তিক রিটার্ন দাখিলের বিধান ফিরিয়ে আনে।

গত ১৪ অক্টোবর ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারির মাধ্যমে মাসিক রিটার্ন দাখিলের বিধান পুনর্বহাল করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন