'বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬' উপলক্ষে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)-তে এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়টির জনস্বাস্থ্য বিভাগের উদ্যোগে রাজধানী ঢাকার উত্তরায় অবস্থিত নিজস্ব ক্যাম্পাসে এই সেমিনার আয়োজন করা হয়। এতে জনস্বাস্থ্য বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশ নেন।
সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্রাক্তন মহাপরিচালক এবং আইইউবিএটি'র জনস্বাস্থ্য বিভাগের খণ্ডকালীন প্রফেসর কাজী এ কিউ এম মহিউল ইসলাম। তিনি নবজাতকের সুস্থতায় মায়ের দুধের অনন্য অবদান এবং সকল শিশুর জন্য মায়ের দুধ নিশ্চিতকরণে জনস্বাস্থ্য পেশাজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জনস্বাস্থ্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এস কে নাজমুল হুদা। তাঁর আলোচনায় সকল শিশুকে বুকের দুধ খাওয়ানোর ক্ষেত্রে বাণিজ্যিকীকরণের নেতিবাচক প্রভাব এবং গুঁড়ো দুধ বা বিকল্প খাদ্য উৎপাদনকারী কোম্পানিগুলোর আগ্রাসী বাজারজাতকরণ কৌশলের বিভিন্ন দিক উঠে আসে।
বক্তারা বলেন, কীভাবে এসব কোম্পানি মনস্তাত্ত্বিক খেলার মাধ্যমে নতুন মা-বাবাদের মনে কৃত্রিম শঙ্কা তৈরি করে তাদের বুকের দুধ খাওয়ানো থেকে বিচ্যুত করছে। সেমিনারে মা-বাবাদের এই মনস্তাত্ত্বিক দুর্বলতাকে পুঁজি করে ব্যবসা করার বিরুদ্ধে সবাইকে সচেতন হওয়ার এবং মাতৃদুগ্ধ সুরক্ষায় আইনি পদক্ষেপ জোরদার করার জোরালো আহ্বান জানানো হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


