রাজধানীতে দুই বাসে আগুন

রাজধানীতে দুই বাসে আগুন

রাজধানীর পল্লবী ও দারুস সালাম এলাকায় দুটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার পরই যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে পড়েন। শনিবার এ ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে পল্লবী থানাধীন ডেলটা হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। এতে বাসে থাকা যাত্রীরা দ্রুত নেমে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা যাওয়ার আগেই বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। পরে পুলিশ গিয়ে আশপাশের এলাকায় দুর্বৃত্তদের ধরতে অভিযান চালায়।

বিজ্ঞাপন

যোগাযোগ করা হলে পল্লবী থানার ওসি একেএম আলমগীর জাহান জানান, একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

এদিকে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দারুস সালাম থানাধীন আনসার ক্যাম্পের সামনে অভিজাত ট্রান্সপোর্ট পরিবহনের একটি বাসে আগুন লাগে। ওই বাসের যাত্রীরা দ্রুতই নেমে পড়েন। স্থানীয়রা পরে নিজের উদ্যোগে আগুন নেভান। পরে ফায়ার সার্ভিস যাওয়ার আগেই বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।

গতকাল শুক্রবার ঢাকার চিটাগং রোড ও কাফরুল থানার সামনে বাসে আগুনের ঘটনা ঘটেছে। কে বা কারা আগুন লাগিয়েছে, তা নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ। শুক্রবারের পর এবার আজ শনিবার বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটল।

শুক্রবার দুপুর থেকে রাত ১১টা পর্যন্ত মালিবাগ, আগারগাঁও, মহাখালী, যাত্রাবাড়ী, বাবুবাজার, বিটিভি ভবনের সামনে ও মগবাজার মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় নগরীর বিভিন্ন এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। একই সময়ে কাফরুল থানার সামনে একটি বাসে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।

এসব ঘটনায় বিভিন্ন স্থানে মামলা হয়েছে এবং কিছু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন