প্রাইভেটকারের দু’লাশের পরিচয় মিললো, হত্যার অভিযোগ বাবার

প্রাইভেটকারের দু’লাশের পরিচয় মিললো, হত্যার অভিযোগ বাবার

রাজধানীর মৌচাকের ডা.সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পার্কিংয়ে থাকা প্রাইভেটকার থেকে উদ্ধার হওয়া দুই লাশের পরিচয় মিলেছে। নিহতরা হলেন, মোহাম্মদ জাকির হোসেন (২৮) ও মিজানুর রহমান মিজান (৩২)।

নিহত জাকিরের বাবা আবু তাহের বলেন, আমার বিশ্বাস ছেলেকে হত্যা করে ওই গাড়ির মধ্যে রেখেছে। সরকারের কাছে আমার ছেলেসহ দুজনের সুষ্ঠু বিচার করে আইনের আওতায় এনে দোষীদের শাস্তি দাবি করছি।

বিজ্ঞাপন

তিনি জানান, আমার ছেলে গাড়িচালক ছিল। শনিবার সকালের দিকে ঢাকার একটি হাসপাতালে রোগী দেখার কথা বলে তাদেরকে নিয়ে আসে। রোগী দেখে আমার ছেলেকে পল্টনের ওই ট্রাভেলসে পৌঁছিয়ে দিতে বলেন আদম কারবারিরা।

পল্টনের একটি ট্রাভেল এজেন্সিতে আমেরিকা যাওয়ার জন্য ২৫ লক্ষ টাকা দেন আমার ছেলে। এরপর থেকেই ওই ট্রাভেল এজেন্সিতে বিদেশে যাওয়ার কথা বললে বিভিন্ন সময় হুমকিও দিতেন মিরাজ, বজলু, ইমন, রাশেদ ও ফরহাদ ।

বাবা আরও জানান, আমাদের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার চাটখিল উপজেলার (লট পটিয়া খামার বাড়ি)। আমার তিন ছেলে এক মেয়ে মধ্যে সে ছিল মেজ।

অপরদিকে, মিজানুরের মামা মো. জাহেদ আহমেদ জানান,আমার ভাগিনা কৃষি কাজসহ গ্রামের অন্যান্য কাজ করতো ও ড্রাইভিং শিখার জন্য জাকিরের সঙ্গে তার বন্ধুত্ব হয়। আমার ভাগিনার গ্রামে বাড়ি, নোয়াখালী জেলার চাটখিল উপজেলার দক্ষিণ বোমাতলী গ্রামে মৃত আব্দুল হাকিমের সন্তান।

ময়নাতদন্ত সম্পন্ন হলে লাশ দুইটি গ্রামের বাড়িতে নিয়ে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলেও জানান তারা।

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আওলাদ হোসেন জানান, আমরা খবরপেয়ে সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে রমনা থানাধীন ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের বেজমেন্ট-২ একটি প্রাইভেটকারে ভিতর থেকে ২জনের লাশ উদ্ধার করি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন