স্বর্ণের দোকানে চুরি, পরিমাণ নিয়ে বিভ্রান্তি: পুলিশ

স্বর্ণের দোকানে চুরি, পরিমাণ নিয়ে বিভ্রান্তি: পুলিশ

রাজধানীর মালিবাগের ফরচুন শপিংমলে স্বর্ণের দোকানের তালা কেটে প্রায় ৫০০ ভরি স্বর্ণ চুরির ঘটনা ঘটেছে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, বোরকা পরে চোরচক্রের দুই সদস্য দোকানের তালা কেটে স্বর্ণ নিয়ে যাচ্ছে। তবে স্বর্ণের পরিমাণ নিয়ে বিভ্রান্তি রয়েছে বলে জানাচ্ছে পুলিশ।

বৃহস্পতিবার মার্কেট সাপ্তাহিক বন্ধ থাকায় বুধবার রাতে চোর তৃতীয় তলার মহিলা টয়লেটে লুকিয়ে ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী। মার্কেট নেতৃবৃন্দও আমার দেশকে একই অভিমত জানিয়েছেন।ঘটনা ঘটেছে বুধবার দিবাগত রাতে। বৃহস্পতিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে রমনা থানা পুলিশ।

বিজ্ঞাপন

‘শম্পা জুয়েলার্স’ নামের ওই দোকানের স্বত্বাধিকারী অচিন্ত কুমার বিশ্বাস আমার দেশকে জানান, দোকানে প্রায় ৪০০ ভরির মতো স্বর্ণ সাজানো ছিল। এছাড়া আরও ১০০ ভরির মতো ছিলো বন্ধকি স্বর্ণ।

তিনি বলেন, প্রতিদিনের মতো বুধবার রাত ৯টার দিকে দোকান বন্ধ করে বাসায় যান। বৃহস্পতিবার সকালে মার্কেটের দারোয়ান ফোন করে জানান দোকানে চুরি হয়েছে।

মার্কেটের সিকিউরিটি গার্ড খলিল জানান, তারা চারজন বুধবার রাতে ডিউটিতে ছিলেন। রাত দুইটার দিকে তারা দোতালায় ঘুরে দেখেন স্বর্ণের দোকানগুলো দ্বিতীয় তলায় রয়েছে। পুরা মার্কেট রাতে একাধিকবার ঘুরে দেখেন তারা।

মার্কেট সমিতির নেতৃবৃন্দ এবং পুলিশ সূত্র জানান, ব্যবসায়ী অচিন্ত্য কুমার বিশ্বাস নানা কারণে ঋণগ্রস্ত অবস্থায় রয়েছেন। গত কয়েক মাস ধরে তিনি মার্কেটের সার্ভিস চার্জও দিতে দেরি হলে মাঝেৎমধ্যেই তার দোকানের বিদ্যুতের সংযোগ কেটে দিতে হয়। পরিশোধ করলে আবারও সংযোগ দেয়া হয়। এ অবস্থায় তার স্বর্ণের দোকানে দাবি করা স্বর্ণের পরিমাণ নিয়ে সন্দেহ তৈরি হয়েছে খোদ মার্কেটের ব্যবসায়ীদের মধ্যেই।

তবে মার্কেট কমিটি নেতৃবৃন্দ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সরেজমিন পরিদর্শনকারী কর্মকর্তারা জানান, তাদের বদ্ধমূল ধারণা মার্কেটের ভিতরে তৃতীয় তলার মহিলা টয়লেটে বুধবার রাতেই চোরেরা লুকিয়ে ছিল। বৃহস্পতিবার মার্কেট বন্ধ, তাই সেভাবেই পরিকল্পনা করে তারা।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)'র রমনা বিভাগের ডিসি মাসুদ আলম আমার দেশকে জানান, মার্কেটে সিসি ক্যামেরা সহ সিকিউরিটি গার্ড ছিল। সিসি ক্যামেরার সংগ্রহ করে দেখা হচ্ছে। তবে স্বর্ণের পরিমাণ নিয়ে কিছুটা বিভ্রান্তি রয়েছে।

এর আগে গত রোববার রাজধানীর যাত্রাবাড়ীতেও এক জুয়েলারি দোকানের দেয়াল কেটে প্রায় ১২৫ ভরি স্বর্ণ ও নগদ পৌনে তিন লাখ টাকা চুরি হয়। ওই ঘটনায় মঙ্গলবার যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...