রাজধানীতে গাড়ির ভেতর থেকে দুই লাশ উদ্ধার

রাজধানীতে গাড়ির ভেতর থেকে দুই লাশ উদ্ধার

রাজধানীর মালিবাগ এলাকার ডা. সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পার্কিংয়ে থাকা প্রাইভেট কার থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। একজন হলেন গাড়ির চালক জাকির অন্যজন নিজাম। সোমবার দুপুরে ভবনের বেজমেন্টে পার্কিংয়ে রাখা সাদা রঙের একটি টয়োটা ফিল্ডার গাড়িতে মরদেহ দুটি দেখতে পান হাসপাতালের প্রধান নিরাপত্তা কর্মকর্তা মিজানুর রহমান।

বিজ্ঞাপন

গাড়ির ভিতরে দুই ব্যক্তির লাশ রয়েছে বলে খবর পাওয়ার পর রমনা থানা পুলিশ ডা. সিরাজুল ইসলাম মেডিক্যালে গিয়ে গাড়ির নম্বর প্লেট ও বিআরটিএর দেওয়া তথ্যানুযায়ী মালিকের সঙ্গে যোগাযোগ করে। নিহত দুজনের বাড়ি নোয়াখালীর চাটখিল।

জানা গেছে, রোববার সকাল বেলা গাড়ির মালিক হাসপাতালে চিকিৎসাধীন এক আত্মীয়কে দেখতে আসেন। চালক ছাড়াও ওই গাড়িতে মালিকের সঙ্গে আরো একজন ছিলেন। পরে হাসপাতাল থেকে গাড়ির মালিক একা চলে গেলেও, চালক এবং তার সঙ্গী ওই গাড়িতেই অবস্থান করছিলেন।

ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানান, সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছেন। লাশ ইতিমধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণেরও কাজ চলছে। তদন্ত শেষে বিষয়টি হত্যাকাণ্ড নাকি অন্যকিছু সে বিষয়টি পরিষ্কার হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন