রাজধানীতে কনফারেন্সে দেওবন্দের মুহতামিম

রাসূলের চূড়ান্ত নবুওয়াত অস্বীকারকারীরা ইসলামের মৌলিক আকিদাচ্যুত

রাসূলের চূড়ান্ত নবুওয়াত অস্বীকারকারীরা ইসলামের মৌলিক আকিদাচ্যুত
ছবি: সংগৃহীত

ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম হযরত মাওলানা মুফতি আবুল কাসেম নোমানী বলেছেন, ইসলামের আকিদার অন্যতম মৌলিকভিত্তি হলো হজরত মুহাম্মদ (সা.) আল্লাহর সর্বশেষ নবী ও রাসূল। পবিত্র কোরআন ও সহীহ সুন্নাহর সুস্পষ্ট ঘোষণার আলোকে যে ব্যক্তি রাসূলের (সা.) চূড়ান্ত নবুওয়াত অস্বীকার করে বা অন্য কাউকে নবী হিসেবে বিশ্বাস করে, সে ইসলামের মৌলিক আকীদা থেকে বিচ্যুত হয়।

শুক্রবার রাজধানীর আফতাবনগর মাদ্রাসায় খতমে নবুওয়ত কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির নায়েবে আমির ও আফতাবনগর মাদ্রাসার মুহতামিম মুফতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও মাওলানা ফয়সাল ওমর ফারুকের পরিচালনায় এই কনফারেন্স অনুষ্ঠিত হয়।

তিনি আরো বলেন, আকাবিরে দেওবন্দ সবসময় কোরআন, সুন্নাহ ও আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদার ভিত্তিতে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করেছেন। সেই ধারাবাহিকতায় আজও মুসলমানদের ঈমান-আকীদা রক্ষা, দ্বীনের মৌলিক বিশ্বাস সংরক্ষণ এবং বিভ্রান্তিকর মতাদর্শ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা সময়ের গুরুত্বপূর্ণ দাবি।

তিনি সর্বস্তরের আলেম-উলামা, শিক্ষার্থী ও সাধারণ মুসলমানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিশুদ্ধ ইসলামী আকীদা ও আদর্শের ওপর অটল থেকে কোরআন-সুন্নাহর অনুসরণ এবং আকাবিরে দেওবন্দের মানহাজ অনুযায়ী ব্যক্তি, পরিবার ও সমাজ গঠনে আত্মনিয়োগ করতে হবে।

কনফারেন্সে আরো বক্তব্য রাখেন, দেওবন্দ মাদ্রাসার শুরা সদস্য মাওলানা হাসান মাহমুদ রাজস্থানী, হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা শায়েখ সাজিদুর রহমান, কিশোরগঞ্জ জামিয়া এমদাদিয়ার প্রিন্সিপাল মাওলানা শাব্বির আহমদ রশিদ, মাওলানা ড. জহিরুল ইসলাম, মুফতি লুৎফুর রহমান ফরায়েজী খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা উবায়দুল্লাহ কাসেমী, মাওলানা শুয়াইব ইব্রাহিম, মুফতি আব্দুল মাজীদ, মুফতি আবু যর, মাওলানা ইলিয়াস কাসেমী ও মুফতি ইমরানুল বারী সিরাজী প্রমুখ।

দেওবন্দের মুহতামিম আরো বলেন, বর্তমান সময়ে মুসলিম উম্মাহকে কোরআন-সুন্নাহর বিশুদ্ধ শিক্ষা এবং আকাবিরে দেওবন্দের মানহাজের আলোকে ঈমান-আকীদা সংরক্ষণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কাদিয়ানীসহ সকল বাতিল মতবাদ ও বিভ্রান্তিকর আদর্শের অপপ্রচার মোকাবেলায় ইলম, দাওয়াত, হিকমাহ ও যুক্তিনির্ভর উপস্থাপনার মাধ্যমে সমাজে সহীহ আকীদার প্রসার ঘটাতে হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন