শুক্রবার থেকে মেট্রোরেল সেবা বন্ধের হুমকি

শুক্রবার থেকে মেট্রোরেল সেবা বন্ধের হুমকি

স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়নের দাবিতে আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে ব্যবস্থা না নিলে শুক্রবার থেকে মেট্রোরেলের সেবা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) স্থায়ী কর্মীরা। সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আল্টিমেটাম দিয়ে বলা হয়, ঢাকাবাসী মেট্রোরেল সেবা থেকে বঞ্চিত হলে ডিএমটিসিএল কর্তৃপক্ষ দায়ী থাকবে।

‘ডিএমটিসিএলে সরাসরি উন্মুক্ত নিয়োগের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত স্থায়ী কর্মকর্তা-কর্মচারীগণ’ ব্যানারে দেওয়া এ বিজ্ঞপ্তিতে বলা হয়ে, স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়ণ করতে ১২ সেপ্টেম্বর নির্দেশনা দেন সড়ক পরিবহন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। সে অনুযায়ী ৬০ দিনের মধ্যে বিধিমালা প্রণয়ন করে সড়ক বিভাগে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় ডিএমটিসিএলের ৬০তম বোর্ড সভায়। তারপর পাঁচ মাস পেরিয়ে গেলেও ‘রহস্যজনক কারণে’ সেই বিধিমালা প্রণয়ন করা হয়নি।

বিজ্ঞাপন

এতে বলা হয়, স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা না থাকায় ডিএমটিসিএলের ২০০ জনেরও বেশি দেশি-বিদেশি প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ কর্মকর্তা ও কর্মচারী চাকরি থেকে ইস্তফা দিয়েছেন। ফলে মেট্রোরেল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ হুমকির মুখে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। এই বিধিমালা প্রণয়নে গত ১৩ ফেব্রুয়ারি জোর দাবি জানানোর পর সোমবার পর্যন্ত খসড়ার ওপর বিশদ আলোচনা করে ডিএমটিসিএলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। সেটি সংশোধন করে দ্রুত বোর্ড মিটিং করে স্বয়ংসম্পূর্ণ বিধিমালা প্রণয়ন করার আশ্বাস দেওয়া হয়।

এ ব্যাপারে জানতে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফকে একধিকবার ফোন করা হলেও সাড়া পাওয়া যায়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন