ট্রাস্ট ব্যাংক আনুষ্ঠানিকভাবে তাদের ইউনিয়নপে ডেবিট ও ক্রেডিট কার্ড রোববার রাতে ঢাকার একটি অভিজাত হোটেলে চালু করেছে। নতুন কার্ডের উন্মোচন করেন ট্রাস্ট ব্যাংকের চেয়ারম্যান এবং বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
অনুষ্ঠানে ট্রাস্ট ব্যাংক পিএলসি এর চেয়ারম্যান ও সেনাবাহিনী প্রধান তার বক্তব্যে বলেন, ট্রাস্ট ব্যাংক ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে একটি উন্নত ও নিরাপদ ব্যাংকিং সেবা নিশ্চিত করতে ইউনিয়নপে ইন্টারন্যাশনালের সাথে অংশীদারিত্ব করেছে। ইউনিয়নপে কার্ডসমূহ বাংলাদেশি শিক্ষার্থী, চিকিৎসাসেবা গ্রহীতা ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার গ্রাহকগণের জন্য সহজ এবং বিশ্বব্যাপী গ্রহণযোগ্য আর্থিক লেনদেনের সুবিধাপ্রাপ্তি নিশ্চিত করবে।
অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন- ট্রাস্ট ব্যাংক এর ভাইস চেয়ারম্যান এবং বাংলাদেশ সেনাবাহিনীর এ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হোসাইন আল মোরশেদ, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার, ইউনিয়নপে ইন্টারন্যাশনাল এর সিইও ল্যারি ওয়াং, ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও আহসান জামান চৌধুরী ও ইউনিয়নপে ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কান্ট্রি ম্যানেজার মো. মাসুদ রায়হান প্রমুখ।
সোমবার আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

