বৈষম্যবিরোধী আন্দোলনে এলেম হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী আন্দোলনে এলেম হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত নাদিমুল হক এলেম হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামিদের অন্যতম সরোয়ার হোসেন স্বপনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বিজ্ঞাপন

বুধবার দিবাগত রাতে রাজধানীর বাবুবাজার এলাকার আলিফ লাম মিম কমপ্লেক্সের একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার স্বপন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি। সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান বৃহস্পতিবার এসব তথ্য জানান।

গত বছরের ১৯ জুলাই পুরান ঢাকার কবি নজরুল কলেজের মোড় সংলগ্ন পাতলা খান লেনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বৈষম্য বিরোধী আন্দোলনের সক্রিয় কর্মী ও শেখ বোরহান উদ্দিন কলেজের সাবেক শিক্ষার্থী নাদিমুল হক এলেম।

ঘটনার পর গত ২০২৪ সালের ১ সেপ্টেম্বর নিহতের মা ইসমত আরা বাদী হয়ে শেখ হাসিনাসহ মোট ৮৯ জনকে আসামি করে সূত্রাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। একই ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. শামসুল আলম আরেফিন ২৪ আগস্ট সূত্রাপুর থানায় আরেকটি মামলা করেন। বর্তমানে ঘটনাটির তদন্ত কার্যক্রম সিআইডি, ঢাকা মেট্রো (দক্ষিণ) বিভাগ পরিচালনা করছে। গ্রেপ্তারকৃত স্বপনকে আদালতে উপস্থাপন ও পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন