রাজধানীর উত্তরায় এক দম্পতিকে কুপিয়ে জখম করার ঘটনায় আরেক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া এই যুবকের নাম আলফাজ। পুলিশ বলছে এই আলফাজ ওই দম্পতিকে সরাসরি কোপ দিয়েছিলেন। এর আগে সোমবার রাতে ঘটনার পরপরই রবি রায় (২২) ও মো. মোবারক হোসেন (২৫) নামে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান জানান, এ ঘটনায় জড়িত আরও তিনজন পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, “ওই দম্পতিকে যে দুজন সরাসরি কোপ দিয়েছে তাদের মধ্যে আলফাজ একজন, আরেকজন পলাতক রয়েছে। গ্রেপ্তাররা প্রাথমিকভাবে ঘটনার দায় স্বীকার করেছে।”
সোমবার রাত সাড়ে নয়টার দিকে উত্তরার ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে ‘বেপরোয়া’ চালিয়ে যাওয়া একটি মোটরসাইকেল একটি রিকশাকে ধাক্কা দেয়। সেখানে আরেকটি মোটরসাইকেলে থাকা মেহেবুল ও নাসরিন দম্পতি এর প্রতিবাদ জানান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

