রাজধানীতে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ২

রাজধানীতে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ২

রাজধানীর কদমতলী ও শ্যামপুর থানা এলাকা থেকে দুইটি পিস্তল ১৬ রাউন্ড গুলি এবং দেশীয় অস্ত্রসহ ২ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। বৃহস্পতিবার তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- আলাল হাওলাদার (২৪) ও মামুন (৩৬)।

শুক্রবার র‌্যাব-১০ এর অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, ঈদকে সামনে রেখে রাজধানী ঢাকার শ্যামপুর থানাধীন জুরাইন রেলগেট এলাকায় কয়েকজন ব্যক্তি আগ্নেয়াস্ত্রসহ অবস্থান করছে বলে তথ্য পেয়ে শ্যামপুর থানার জুরাইন রেলগেট সংলগ্ন জুরাইন টাওয়ারের লাজ ফার্মার সামনে অভিযান চালিয়ে ১টি দেশি পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ আলাল হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। একই দিন দুপুর আড়াইটার দিকে কদমতলী থানার নতুন জুরাইন আলমবাগের মুক্তার হোসেনের বাসার নিচতলার বাসায় তল্লাশি চালিয়ে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি, চাকু, ৫টি অ্যান্ড্রয়েড মোবাইল ও ৫টি বাটন মোবাইলসহ মামুনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা পেশাদার অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী ও চাঁদাবাজ। তারা বেশ কিছুদিন যাবত অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে কদমতলী শ্যামপুরসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি ও সাধারণ নিরীহ মানুষকে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানায়।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে শ্যামপুর ও গেন্ডারিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন