ডিএমপি কমিশনার সাজ্জাত আলী বলেছেন, পুলিশের অতিরিক্ত ফোর্স মাঠে রয়েছে। রাজধানীবাসীর নিরাপত্তায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকবে। কোনো কিছুতে নগরবাসী আতঙ্কিত হবেন না। খারাপ কোনো কিছু ঘটবে না।
সোমবার তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনারের কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় সভায় আওয়ামী লীগের ডাকা হরতালের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
মঙ্গলবার আওয়ামী লীগ হরতাল পালনের ঘোষণা দিয়েছে। হরতাল প্রতিরোধে পুলিশ কড়া অবস্থানে রয়েছে তিনি বলেন, আমরা পুরো রাজধানীতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। আমাদের প্রস্তুতি আছে। এটা নিয়ে আমরা কাজ করছি। অতীতেও তারা (আওয়ামী লীগ) ফেসবুকে এমন প্রোগ্রাম দিয়েছে, আমরা তা মোকাবিলাও করেছি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে উন্নত দাবি করে কমিশনার বলেন, বিচ্ছিন্ন কিছু দাবি নিয়ে কিছু গোষ্ঠী সড়ক বন্ধ করছে। তবে ছিনতাই বা অন্য অপরাধ কমে গেছে। এখন আমাদের বড় সমস্যা নানা গোষ্ঠী বিভিন্ন দাবি নিয়ে রাস্তায় নামছে। তারা রাস্তায় নেমে যানচলাচল বন্ধ করে মানুষকে দুর্ভোগে ফেলছে।
আন্দোলনকারীদের তিনি বলেন, আপনারা রাস্তা বন্ধ করবেন না। এতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্সসহ অনেকের নানা কষ্ট হয়। দাবি-দাওয়া আদায়ের স্থান রাস্তা হতে পারে না। দাবি-দাওয়া সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে টেবিলে বসে সমাধান করেন। ঢাকাবাসীকে সড়কে কষ্ট দিয়ে দাবি আদায় মর্মাহত ঘটনা।
ডিএমপি কমিশনার আরও বলেন, গতকালও সিএনজি চালিত অটোরিকশা চালকরা রাস্তা বন্ধ করে দিয়েছে। গতকাল শাহবাগে শিক্ষকদের বলেছি আপনারা জাদুঘরের সামনে গিয়ে বসে থাকেন কিছু বলবো না। কিন্তু দয়া করে রাস্তা বন্ধ করবেন না। তারা এরপরও আমাদের কথা শোনেননি।
গণমাধ্যমে পুলিশের নেগেটিভ সংবাদ আসছে উল্লেখ করে সাজ্জাত আলী বলেন, আপনারা (সাংবাদিকরা) আমাদের নেগেটিভ জিনিসগুলো দেখান। আমরা পানি মারছি সেটা দেখান। গ্যাস মারছি সেটা দেখাচ্ছেন। কিন্তু আন্দোলনরতদের আমরা বারবার নিষেধ করেছি, কমিশনার নিজে শাহবাগ গেছেন সেটা প্রচার হয় না। গতকাল বাবা-সোনা বলে বুঝিয়েছি ট্র্যাফিক ব্যবস্থা নষ্ট করবেন না, কিন্তু তারা আমার কথা শোনেননি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আন্দোলনরতদের দাবি নিয়ে সরকারের সব বিভাগের সঙ্গে তো পুলিশ কথা বলবে না। এটাও আমাদের কাজ না। এরপরেও তিতুমীর কলেজের বিষয়ে আমরা শিক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ করেছি। তারা সেখানে যাওয়ার পর একটা সমাধান হয়।
অনুষ্ঠানে উপস্থিত ডিএমপির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

