কালিমা ত্বইয়্যিবা ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সা.)’ রক্ষা করাই মূলত খতমে নবুওয়তের মূল কাজ এবং এটি মুসলিম উম্মাহর ঈমানের প্রধান ভিত্তি বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক মজলিসে তাহাফ্ফুজে খতমে নবুওয়তের নেতৃবৃন্দ। তারা বলেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) হলেন শেষ নবী; কিয়ামত পর্যন্ত আর কোনো নবীর আগমন ঘটবে না। এই অবিসংবাদিত বিশ্বাসের ওপর আঘাত হানার যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে তৌহিদী জনতাকে সর্বদাই সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
রাজধানীর ফিকরুল মিল্লাত মাদরাসায় আন্তর্জাতিক মজলিসে তাহাফ্ফুজে খতমে নবুওয়ত পল্লবী থানা শাখার উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।
মাওলানা শফিউদ্দিনের সভাপতিত্বে এবং পল্লবী থানা শাখার সাধারণ সম্পাদক মাওলানা শামীম কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ও বিশেষ আলোচকগণ খতমে নবুওয়ত আন্দোলনের বিভিন্ন দিক তুলে ধরেন।
বক্তারা বলেন, মুসলিম উম্মাহর ঐক্য এবং ঈমান-আকিদা সুরক্ষায় খতমে নবুওয়তের চেতনা জাগ্রত রাখা আজ সময়ের সবচেয়ে বড় দাবি। সাধারণ মানুষকে ভ্রান্ত আকিদা সম্পর্কে সচেতন করতে থানা ও ওয়ার্ড পর্যায়ে দাওয়াতি কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান তারা। তরুণ প্রজন্মকে পথভ্রষ্টতা থেকে রক্ষা করতে ঘরে ঘরে খতমে নবুওয়তের সঠিক বার্তা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন—সংগঠনের মিরপুর জোনের সাধারণ সম্পাদক মাওলানা মুফতি নজীরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুফতি হিফজুর রহমান, মুফতী রফিকুল ইসলাম, হাফেজ ইলিয়াস, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা বরকতুল্লাহ, মাওলানা নুরুল করিম ইউনুসি, মুফতী রেজাউল করিম, মাওলানা মহসিন উদ্দিন, মুফতি ইয়াকুব বিন ইদ্রিস কাসেমী, মুফতি মুজাম্মিল হক, মাওলানা শিবলী নোমান, মাওলানা মুফতী আহসান হাবীব, মাওলানা ইব্রাহিম আল আজহারী, অধ্যাপক মোস্তাফিজুর রহমান, মুফতী আব্দুর রহমান তায়েফী, মাওলানা আকরাম হোসাইন, মাওলানা মুহাম্মদ মোস্তফা কামাল, মাওলানা মাকছুদুর রহমান এবং মুফতী মুহাম্মদ আমানুল্লাহ প্রমুখ।
সভাপতির বক্তব্যে মাওলানা শফিউদ্দিন বলেন, খতমে নবুওয়ত নিছক কোনো সাধারণ আকিদাগত বিতর্ক নয়, এটি ইসলামের মৌলিক স্তম্ভের সুরক্ষা। শেষ নবীর উম্মত হিসেবে এই পবিত্র দায়িত্ব পালন করা প্রত্যেক মুসলমানের ঈমানি কর্তব্য।
সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং সর্বস্তরের মানুষের ঈমানের হেফাজত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


