ইসলামের সুমহান আদর্শ প্রচার, পবিত্র আল-কুরআনের শিক্ষা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া এবং কোরআনের সঙ্গে সমাজের সর্বস্তরের মানুষের সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে আল-কুরআন ফ্রি বিতরণ কর্মসূচি পালন করেছে আল ওয়াহদাহ ফাউন্ডেশন।
শনিবার রাজধানীর পল্টনে এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবক ড. হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক ও কলামিস্ট রিন্টু আনোয়ার।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হাফেজ মাওলানা লুৎফর রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা সাদিকুর রহমান আজহারী, সাধারণ সম্পাদক মাওলানা মুস্তাফিজ রহমানী, অর্থ সম্পাদক মুস্তাফিজুর রহমান শাহিন এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা এমাদুদ্দিন মাদানি সহ ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, পবিত্র আল-কোরআন মানবজাতির জন্য পরিপূর্ণ জীবনবিধান। ব্যক্তি, পরিবার ও সমাজে নৈতিকতা, ইনসাফ, শান্তি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কুরআনের শিক্ষা অনুসরণের কোনো বিকল্প নেই। কুরআনের আলো ঘরে ঘরে পৌঁছে দিতে এবং কুরআন মুখী সমাজ গঠনের লক্ষ্যে আল ওয়াহদাহ ফাউন্ডেশন ধারাবাহিকভাবে কুরআন ফ্রি বিতরণ, দ্বীনি শিক্ষা, দাওয়াহ কার্যক্রম এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।
আল ওয়াহদা ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা লুৎফর রহমান বলেন, সমাজে কুরআনের চর্চা যত বৃদ্ধি পাবে, ততই নৈতিক অবক্ষয়, হিংসা-বিদ্বেষ ও সামাজিক অস্থিরতা দূর হবে। তিনি কুরআনের শিক্ষা নিজে অনুসরণ করার পাশাপাশি অন্যদের কাছেও তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাদের লক্ষ্য কেবল কুরআন ফ্রি বিতরণ নয়; বরং মানুষের জীবনে কুরআনের শিক্ষা বাস্তবায়নের পরিবেশ সৃষ্টি কোরআন একজন মানুষের জীবন বদলে দিতে পারে, আর একজন আদর্শ মানুষ একটি সমাজকে বদলে দিতে পারে।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

