শিক্ষা জাতীয়করণ দাবিতে আন্দোলনরত শিক্ষকরা আজ সচিবালয় অভিমুখে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। মঙ্গলবার সেখানে কিছুক্ষণ সমাবেশ করে ফের জাতীয় প্রেসক্লাবের সামনে এসে অবস্থান নেন তারা।
এর আগে সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাস সত্ত্বেও মঙ্গলবার সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্ণদিবস কর্মবিরতি এবং জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চালানোর ঘোষণা দেন জাতীয়করণেরি দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা। এদিন দুপুরের মধ্যে কোনো ঘোষণা না এলে প্রধান উপদেষ্টার বাসভবন-যমুনা অথবা সচিবালয়ের দিকে মার্চ করার আভাস দিয়েছেন তারা।
ঘোষণা অনুযায়ী মঙ্গলবার সকাল থেকে সপ্তম দিনের মতো জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেন শিক্ষকরা। সেখান থেকে দুপুর একটার দিকে সচিবালয়ের দিকে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে পুলিশ সচিবালয়ের পশ্চিম পাশের গেটের সামনে ব্যারিকেড দিয়ে তাদের মিছিল আটকে দেয়।

সেখানে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব প্রিন্সিপাল দেলাওয়ার হোসেন আজীজীসহ অন্য নেতারা বক্তব্য দেন।
এ সময় তারা বলেন, শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি এবং সরকারি নিয়মে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা দেওয়ার ঘোষণা দিতে হবে। দাবি না মানা পর্যন্ত শিক্ষকরা আন্দোলন চালিয়ে যাবেন।
উল্লেখ্য, সোমবার আন্দোলনরত শিক্ষকদেরকে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে ডাকা হয়। সেখানে শিক্ষা উপদেষ্টা ও সচিব না থাকায় অতিরিক্ত সচিব হুমায়ুন কবিরের সঙ্গে তাদের বৈঠক হয়। তারা জানান, শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন এবং বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির ব্যাপারে স্পষ্ট ঘোষণা দেয়া হলে তারা আন্দোলন ছেড়ে চলে যাবেন। কিন্তু এ সময় হুমায়ুন কবির তাদের জানান, যথা সময়ে ব্রিফ করা হবে। আন্দোলন না করার আহ্বান জানান তিনি। তবে এ আশ্বাসে রাজি না হয়ে আন্দোলন চালানোর ঘোষণা দেন শিক্ষকরা। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কর্মবিরতি চালানোরও ঘোষণা দেন তারা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

