রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে একজন নিহতের পর সেখানে সোমবার রাতে অভিযান চালায় যৌথবাহিনী। পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সম্মিলিত অভিযানে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে দেশীয় অস্ত্র হেলমেট ও বিভিন্ন ধরনের মাদকদ্রব্য।
সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র ব্রিগেড অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ এ তথ্য জানান।
মাদক ব্যাবসাকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার প্রসঙ্গে তিনি বলেন, গ্রেপ্তার ১৪ জনের মধ্যে চারজনের সোমবারের হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততা পাওয়া গেছে। বাকিটা তদন্ত করে আইন প্রয়োগকারী সংস্থার অন্যান্য বাহিনী যারা আছেন সেটা তারা ব্যবস্থা নেবে।
সংঘর্ষের ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিতের বিষয়ে উল্লেখ করে তিনি বলেন, ক্যাম্পের গত দুইদিনের সংঘর্ষের সময়কার ফুটেজে যাদের দেখা গেছে, তাদের লক্ষ্য করে অভিযান চালানো হয়। যাদের সরাসরি সম্পৃক্ততা পাওয়া গেছে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
জেনেভা ক্যাম্পে অপরাধ ও সংঘর্ষ নিয়ন্ত্রণে যৌথবাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সোমবার জেনেভা ক্যাম্পে মাদক কারবার ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে শাহ আলম (২২) নামে এক ব্যক্তি নিহত হন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

