মহানগরবাসীর জান-মালের নিরাপত্তায় অপরাধের বিরুদ্ধে নির্ভীকভাবে দাঁড়িয়েছেন ডিএমপির প্রটেকশন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বঙ্গভবন নিরাপত্তা) মো. সুমন রেজা। মঙ্গলবার সকালে সোনারগাঁও ক্রসিংয়ে মেট্রোরেল স্টেশনের নিচে একজন ছিনতাইকারীকে ধাওয়া করার সময় তিনি তার দায়িত্ববোধ ও সাহসিকতার পরিচয় দেন।
ডিএমপি ডিসি মিডিয়া মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য সংবাদ বিজ্ঞপ্তিতে জানান।
মুহাম্মদ তালেবুর রহমান আরো জানান , ট্রাফিক তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১২ আগস্ট ২০২৫) সকাল আনুমানিক ০৯:৪০ ঘটিকায় সোনারগাঁও ক্রসিংয়ে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট রেজা-ই- আলম দস্তগীর এক ছিনতাইকারীর হাতে ছুরি দেখে তাকে আটক করতে যান। তখন ছিনতাইকারী মেট্রোরেল স্টেশনের নিচ দিয়ে দৌঁড়ে কারওয়ান বাজারের দিকে পালাতে থাকে। সেই সময় কারওয়ান বাজার থেকে সোনারগাঁও ক্রসিংয়ে পুলিশ কর্মকর্তা এডিসি সুমন রেজা গাড়ি থেকে নেমে ছিনতাইকারীকে আটকের চেষ্টা করেন। ছিনতাইকারী তখন তার হাতে থাকা ছুরি দিয়ে এডিসি সুমন রেজাকে আঘাত করেন। ছিনতাইকারীর আঘাতে এডিসি সুমন রেজার ডান হাতের মধ্যাংশে অনেকটা কেটে যায় এবং ছিনতাইকারী পালিয়ে যায়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতিটি সদস্য প্রতিনিয়ত নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে মহানগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করছেন। এডিসি সুমন রেজার এই সাহসিকতা ও দায়িত্ববোধ পুলিশ বাহিনীর সকলের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

