সাবেক এমপি নিখিলের সহযোগী, বৈষম্যবিরোধী আন্দোলন দমনে অগ্রণী ভূমিকা পালনকারী যুবলীগের রিংকুকে আটক করা হয়েছে।
সোমবার মিরপুর-২ নম্বরের এফ ব্লক এলাকা থেকে তাকে আটক করা হয়।
ডিএমপি ডিসি মিডিয়া মোহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজধানীর মিরপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা-১৪ আসনের সাবেক সংসদ সদস্য ও যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিলের সহযোগী, বৈষম্যবিরোধী আন্দোলন দমনে অগ্রণী ভূমিকা পালনকারী, যুবলীগের সক্রিয় সদস্য, সন্ত্রাসী রিপন আহম্মেদ রিংকুকে (৩০) আটক করেছে যৌথবাহিনী।
মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, সোমবার বিকেলে গোপন সংবাদের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মিরপুর-২ নম্বরের এফ ব্লক এলাকায় অভিযান পরিচালনা করে রিপন আহম্মেদ রিংকুকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রিংকু সাবেক এমপি মাইনুল হোসেন নিখিলের একান্ত সহযোগী এবং মিরপুর এলাকার কিশোর গ্যাংয়ের অন্যতম নিয়ন্ত্রণকারী ও সন্ত্রাসী।
ডিএমপি সূত্র আরও জানায়, রিপন আহম্মেদ রিংকু মিরপুর এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলন দমনে জঘন্য ভূমিকা পালন করেছিল। মিরপুর এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলন দমনে ও হত্যাকাণ্ডের সাথে তার প্রত্যক্ষভাবে জড়িত থাকার বিষয়ে সচিত্র ভিডিও ফুটেজ পাওয়া গেছে।
আটক রিংকুর বিরুদ্ধে মিরপুর মডেল থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
এসএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

