ঢাকা মহানগরীর যানজট নিরসন এবং পথচারীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে কঠোর অবস্থানে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রাজধানীতে রাস্তা বা ফুটপাতে সরকারি কিংবা বেসরকারি কোনো প্রতিষ্ঠানের নির্মাণ সামগ্রী বা অন্যান্য মালামাল স্তূপ করে রাখা যাবে না। এই নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে শিগগিরই মাঠে নামছে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত ও ট্রাফিক বিভাগ।
সোমবার ডিএমপি কমিশনারের (ভারপ্রাপ্ত) জারিকৃত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় চরম দুর্ভোগে নগরবাসী। সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের নির্মাণ কাজের সামগ্রী রাস্তা ও ফুটপাতে যত্রতত্র ফেলে রাখছেন। এর ফলে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। সাধারণ পথচারীদের চলাচলে চরম বিঘ্ন ঘটছে। এ ধরনের কর্মকাণ্ডকে প্রচলিত আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে দেখছে পুলিশ প্রশাসন।
আইনি ব্যবস্থা ও বিশেষ অভিযান ডিএমপি জানিয়েছে, রাস্তা বা ফুটপাতে মালামাল রাখা ডিএমপি অধ্যাদেশ ১৯৭৬-এর ৬৭, ৬৮, ৭২ ও ১০২ ধারা এবং সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৩৭ ও ৮২ ধারার পরিপন্থী। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অত্যন্ত দ্রুততার সঙ্গে ঢাকা মহানগরীতে ডিএমপির ট্রাফিক বিভাগ এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হবে।
আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে জনদুর্ভোগ লাঘবে নিজ উদ্যোগে দ্রুততম সময়ের মধ্যে রাস্তা ও ফুটপাত থেকে যাবতীয় নির্মাণ সামগ্রী সরিয়ে নিতে সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানিয়েছে ডিএমপি। একটি সুশৃঙ্খল ও বাসযোগ্য মহানগরী গড়তে নগরবাসীর পূর্ণ সহযোগিতা কামনা করেছেন ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

