অকাল বন্যায় ফসলহানিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ ও হাওরের ফসল রক্ষা বাঁধ নিয়ে বিজ্ঞানসম্মত গবেষণাসহ নয় দাবি জানিয়েছেন ঢাকাস্থ হাওরঞ্চলবাসী।
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে হাওর অঞ্চলবাসী, ঢাকার উদ্যোগে আয়োজিত মানববন্ধনে এসব দাবি জানানো হয়।
মানববন্ধনে সংগঠনের প্রধান সমন্বয়ক ড. হালিম দাদ খান বলেন, চলতি বোরো মৌসুমে মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে শুরু করে এপ্রিলের শেষ পর্যন্ত তিন দফা বৃষ্টি হয়েছে। কয়েকটি হাওরের বাঁধ ভেঙে এখন পর্যন্ত হাওরাঞ্চলে অন্তত ৪৫ হাজার হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। ফলে হাওরের সমস্যার স্থায়ী সমাধানে গবেষণা করে বিজ্ঞানসম্মত পদক্ষেপ গ্রহণ করার কথা জানান তিনি।
অন্যদিকে, শিলাবৃষ্টিতে অন্তত ৮০০ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে বলে জানান বক্তারা। তারা বলেন, এখনো হাওর ও মেঘালয়ের পাহাড়ে বৃষ্টিপাত অব্যাহত। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এ ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। তাছাড়া হাওরাঞ্চলের মানুষের উপার্জনের একমাত্র অবলম্বন বোরো ফসল। এখন পর্যন্ত হাওরের যে সব জমির জমির ধান কাটা হয়েছে, সে সব ধান বৃষ্টির কারণে শুকানো যাচ্ছে না। অনেক ধান পচে গেছে বলে মানববন্ধনে জানানো হয়।
এদিকে তাদের দাবি গুলো হলো হাওরের জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ; অকাল বন্যায় ফসলহানিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের বছরব্যাপী খাদ্য সহায়তা প্রদান; হাওরে ব্যাপকভিত্তিতে নদী-খাল-বিল খনন করে পানির প্রবাহ নিশ্চিত করা; হাওরের মাঝ দিয়ে অপরিকল্পিত সড়ক ও বাঁধ নির্মাণ বন্ধ করা; হাওর সমস্যার স্থায়ী সমাধানে গবেষণা করে বিজ্ঞানসম্মত পদক্ষেপ গ্রহণ; জলাবদ্ধতা নিরসনে কৌশলগত অবস্থান নির্ণয় করে স্লুইস গেট নির্মাণ; হাওরের ফসল রক্ষা বাঁধের অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করা; ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষি ঋণ ও এনজিও ঋণের কিস্তি মওকুফ করা; স্থানীয় কৃষকদের অভিজ্ঞতা ও গবেষকদের কারিগরি জ্ঞানের সমন্বয় করে দ্রুত হাওরের সমস্যার সমাধান করা।
ডা. সৈয়দ উমর খৈয়ামের সভাপতিত্বে ও মেনন চৌধুরীর পরিচালনায় মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, অ্যাডভোকেট আবেদ রাজা চৌধুরী, ইমতেছার আহমেদ চৌধুরী, সাবেক অতিরিক্ত সচিব গোলাম শফিক, অ্যাডভোকেট ফরিদ আহমেদ, প্রফেসর ডা. শাহীন রেজা চৌধুরী, প্রিন্সিপাল এম এ মোনায়েম, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্কারের সভাপতি কাশমির রেজা, খালেদ সানোয়ার, বুরহান উদ্দিন আহমেদ হাওর অঞ্চলবাসী ঢাকার সাধারণ সম্পাদক কামরুল হাসান বাবু প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

