দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর ফ্লাইওভারের ওপর দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তরিকুল ইসলাম পাপন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত পাপন একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারী ইমন আহমেদ জানান, রাতে আব্দুল্লাহপুর ফ্লাইওভারের ওপর চিৎকার-চেঁচামেচি শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলের দিকে ছুটে যায়। তিনি ও কয়েকজন তখন ফ্লাইওভারের নিচে অবস্থান করছিলেন। পরে সেখানে গিয়ে তারা একজন যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার পাশে একজন নারী এবং একটি মোটরসাইকেল ছিল।
ইমনের ভাষ্য অনুযায়ী, নিহত পাপন ওই নারীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন। এ সময় আরেকটি মোটরসাইকেলে আসা কয়েকজন ব্যক্তি তাদের গতিরোধ করে। একপর্যায়ে ধস্তাধস্তি ও চিৎকারের মধ্যে দুর্বৃত্তরা পাপনকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
তবে কী কারণে এ হামলা চালানো হয়েছে, ছিনতাইয়ের উদ্দেশ্যে হামলার ঘটনা ঘটেছে কিনা সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করছে পুলিশ।
নিহত তরিকুল ইসলাম পাপন ঢাকার শ্যামপুর এলাকার করিমুল্লাহ বাগে বসবাস করতেন। তার বাবার নাম শফিকুল ইসলাম মাসুদ।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

