রাজধানীর পল্লবীর পলাশ নগর এলাকায় ছিনতাইকারীদের হামলায় মির্জা রবিন (৩২) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। হামলাকারীরা তাকে কুপিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে রাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়।
আহতের স্বজনদের ভাষ্য অনুযায়ী, মির্জা রবিন রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। প্রতিদিনের মতো কাজ শেষে তিনি বাসায় ফিরছিলেন। রাত পৌনে ১১টার দিকে পল্লবীর পলাশ নগর এলাকায় পৌঁছালে ৪ থেকে ৫ জন যুবক তার গতিরোধ করে। একপর্যায়ে তারা তার কাছে থাকা টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এ সময় রবিন বাধা দিলে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে। পরে তার সঙ্গে থাকা প্রায় ৮০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা রবিনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তবে তিনি আশঙ্কামুক্ত কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
আহতের স্ত্রী মুসলিমা বলেন, সংসারের প্রয়োজনেই তার স্বামী কাজ শেষে রাতে বাসায় ফিরছিলেন। পথে ছিনতাইকারীদের কবলে পড়ে তিনি গুরুতর আহত হয়েছেন। তিনি হামলাকারীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত ব্যক্তিকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থার বিষয়ে চিকিৎসকরা পর্যবেক্ষণ করছেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পল্লবীর বিভিন্ন এলাকায় রাতের বেলায় ছিনতাই ও ছিনিয়ে নেওয়ার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। বিশেষ করে নির্জন সড়ক ও অলিগলিতে কর্মজীবী মানুষ এবং পথচারীরা প্রায়ই ঝুঁকির মুখে পড়ছেন। সম্প্রতি রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাইকারীদের হামলায় সাধারণ মানুষ এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আহত হওয়ার ঘটনা ঘটেছে, যা নগর নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
হামলাকারীদের শনাক্তে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং তথ্য-উপাত্ত যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানা গেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

