মানিকগঞ্জের সিংগাইরে মদ্যপ অবস্থায় মারামারিতে গুরুতর আহত আলমগীর হোসেন (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আলমগীর হোসেন সিংগাইর উপজেলার ফোর্ডনগর গ্রামের সাদেমের ছেলে। তিনি ফোর্ডনগর এলাকার আখতার ফার্নিচার ফ্যাক্টরিতে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে আলমগীর কয়েকজনের সঙ্গে মদপান করেন। পরে ফোর্ডনগর রাস্তার ওপর আখতার ফার্নিচার ফ্যাক্টরির সুমন খাঁর সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। এ সময় আলমগীরের মাথায় আঘাত লাগে এবং তিনি গুরুতর আহত হন।
আহত অবস্থায় আলমগীরকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। শুক্রবার বিকেলে মারা যান।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, নিহতের মেডিকেল রিপোর্টে মৃত্যুর কারণ হিসেবে মদপানের কথা উল্লেখ করা হয়েছে। এর আগে নিহতের পরিবারের পক্ষ থেকে সুমনের বিরুদ্ধে চড়-থাপ্পড়ের অভিযোগ দেওয়া হলেও বর্তমানে এ বিষয়ে পরিবারের কোনো অভিযোগ নেই।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

