আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার, মালামাল উদ্ধার

আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার, মালামাল উদ্ধার

নরসিংদীর মনোহরদী উপজেলায় ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় লুণ্ঠিত পিকআপভ্যান, ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপভ্যান ও নগদ টাকাসহ দেশীয় অস্ত্র ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

রোববার দুপুরে মনোহরদী থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন সহকারী পুলিশ সুপার (শিবপুর সার্কেল) রায়হান সরকার।

গ্রেপ্তার ডাকাতরা হলেন নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বড়নগর গ্রামের ইমন হোসেন, রিফাত হৃদয়, কুমিল্লার দেবিদ্বার উপজেলার গুনাইঘর গ্রামের আব্দুল্লাহ আল মুন্না (রুমান), কিশোরগঞ্জের ইটনা উপজেলার ভূঁইয়ারপাড় গ্রামের রহমত আলী (জিল্লুর) এবং নোয়াখালীর সেনবাগ পৌরসভার জসিম উদ্দিন।

সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার সাংবাদিকদের জানান, গত ৫ সেপ্টেম্বর রাত একটার দিকে ইটাখলা-মঠখলা আঞ্চলিক সড়কে ডাকাত দল একটি পিকআপভ্যানের গতিরোধ করে মালামালসহ পিকআপভ্যানটি নিয়ে যায়। চালককে হাত-পা বেঁধে রাস্তার পাশে ফেলে রাখে।

এ ঘটনায় গাড়ির মালিক মো. মফিজুল ইসলাম বাদী হয়ে মনোহরদী থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জ ও নোয়াখালী জেলায় অভিযান চালায়। একপর্যায়ে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর মহাসড়ক থেকে চার ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যমতে, শনিবার নোয়াখালীর সেনবাগ দক্ষিণ বাজার থেকে লুণ্ঠিত পিকআপভ্যান, ডিমের খালি ক্যারেট ও ডিম বিক্রির নগদ ১০ হাজার টাকাসহ জসিম উদ্দিনকে আটক করা হয়।

তিনি আরো জানান, গ্রেপ্তার ব্যক্তিরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তারা বিভিন্ন জেলার সড়ক ও মহাসড়কে নিয়মিত ডাকাতি করে থাকেন। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর বাদশা, এসআই শহীদুজ্জামান ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোবারক হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন