গবেষণা ও রোগ নির্ণয় সেবায় বিএমইউ ক্যাম্পাসে নিনমাসে নতুন রিসার্চসেল

গবেষণা ও রোগ নির্ণয় সেবায় বিএমইউ ক্যাম্পাসে নিনমাসে নতুন রিসার্চসেল

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) ক্যাম্পাসে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস (নিনমাস)-এ গবেষণা ও রোগ নির্ণয় সেবাকে আরও গতিশীল করতে নতুন রিসার্চ সেল ও আধুনিক গ্রন্থাগার উদ্বোধন করা হয়েছে। এছাড়া ডি ব্লকের ১১তলায় নিনমাসের নিউক্লিয়ার ক্যাফের উদ্বোধন করা হয়।

বিজ্ঞাপন

মঙ্গলবার বিএমইউর ডি ব্লকে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে এ উপলক্ষে নিনমাসের অধ্যাপক ডা. কামালউদ্দিন আহমেদ অডিটোরিয়ামে প্রাক্তন ও বর্তমান অধ্যাপক, চিকিৎসক, বিজ্ঞানী, রেসিডেন্ট শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে মতবিনিময়, উদ্বোধনী ও পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নিউক্লিয়ার মেডিসিন বিজ্ঞান, চিকিৎসাসেবা, গবেষণা ও মানবকল্যাণের এক অনন্য সমন্বয়। রোগ নির্ণয় থেকে আধুনিক চিকিৎসার বিভিন্ন পর্যায়ে এ বিশেষায়িত শাখা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তারা জানান, নিনমাসের বর্তমান পরিচালক অধ্যাপক ডা. এ. কে. এম. ফজলুল বারীর নেতৃত্বে চিকিৎসাসেবার পাশাপাশি গবেষণার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। এর অংশ হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে নতুন রিসার্চ সেল, আধুনিকায়ন করা হয়েছে ডিজিটাল গ্রন্থাগার এবং সহকর্মীদের জন্য পুনর্বিন্যস্ত করা হয়েছে নিউক্লিয়ার ক্যাফে।

অনুষ্ঠানে আরও জানানো হয়, বাংলাদেশের নিউক্লিয়ার মেডিসিনের অন্যতম পথিকৃৎ অধ্যাপক ডা. এম. এ. করিমের অসামান্য অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে আধুনিকায়িত গ্রন্থাগারের নামকরণ করা হয়েছে ডা. এম. এ. করিম গ্রন্থাগার।

এ সময় নিনমাসের কার্যক্রম নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন সহযোগী অধ্যাপক ডা. পাপড়ি মুৎসুদ্দী এবং অধ্যাপক ডা. নাসরিন সুলতানা।

অনুষ্ঠানে নিনমাসের প্রাক্তন অধ্যাপক, চিকিৎসক ও বিজ্ঞানীরা স্মৃতিচারণ করেন এবং প্রতিষ্ঠানের উন্নয়ন ও গবেষণাবান্ধব পরিবেশ গড়ে তোলার উদ্যোগের প্রশংসা করেন।

সভায় নিনমাসের পরিচালক অধ্যাপক ডা. এ. কে. এম. ফজলুল বারী বলেন, গবেষণা ও চিকিৎসাসেবাকে আরও সম্প্রসারিত এবং গতিশীল করে দেশের রোগীদের জন্য উন্নত সেবা নিশ্চিত করতে নিনমাস ভবিষ্যতেও কাজ করে যাবে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন