নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) সামার সেমিস্টার ২০২৬-এর ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাব মাহ্দী আমিন শিক্ষার্থীদের দক্ষ, কর্মবান্ধব ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। এই ওরিয়েন্টেশনের মাধ্যমে নবীন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি ও একাডেমিক পরিবেশ সম্পর্কে পরিচিত হওয়ার সুযোগ পায়।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় অসাধারণ ফলাফলের জন্য ১৮ জন শিক্ষার্থীকে শতভাগ মেধাবৃত্তিসহ মোট ৯৮ জন শিক্ষার্থীকে বিভিন্ন হারে বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের (এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র) দায়িত্বপ্রাপ্ত মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাব মাহ্দী আমিন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ-এর চেয়ারম্যান জনাব আজিজ আল কায়সার, এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য জনাব এম. এ. কাশেম, এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য জনাব বেনজীর আহমেদ, এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মিসেস রেহানা রহমান, এবং এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মিসেস ইয়াছমিন কামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনএসইউ’র উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী।
পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর নর্থ সাউথ ইউনিভার্সিটির উপর একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। নতুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য প্রদান করেন এনএসইউ রেজিস্ট্রার ড. আহমেদ তাজমীন।
অনুষ্ঠানে নিজ নিজ স্কুলের পরিচয় তুলে ধরেন স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক মো. রিজওয়ানুল ইসলাম; স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক সাজ্জাদ হোসেন; স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেসের ডিন অধ্যাপক দীপক কুমার মিত্র, এবং স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন অধ্যাপক একেএম ওয়ারেসুল করিম।
প্রধান অতিথি জনাব মাহ্দী আমিন বলেন, ‘আমাদের এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে জ্ঞান ও দক্ষতার সমন্বয় থাকবে এবং শিক্ষার্থীরা বাস্তব জীবনের জন্য প্রস্তুত হবে। শুধু বইয়ের পড়াশোনা নয়, ইন্ডাস্ট্রির সঙ্গে সংযোগ, এক্সট্রা-কারিকুলার কার্যক্রম ও বাস্তব অভিজ্ঞতাও সমান গুরুত্বপূর্ণ। একই সঙ্গে শৃঙ্খলা, নৈতিকতা ও সততার চর্চার মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোকে জ্ঞানচর্চার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। আমাদের লক্ষ্য এমন শিক্ষা নিশ্চিত করা, যা শিক্ষার্থীদের দক্ষ, কর্মবান্ধব ও দায়িত্বশীল নাগরিক হিসেবে তৈরি করবে।’
এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজ-এর চেয়ারম্যান জনাব আজিজ আল কায়সার বলেন, ‘আমরা আমাদের শিক্ষার্থীদের যত্ন, শৃঙ্খলা ও সততার সঙ্গে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। নর্থ সাউথ ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের শুধু পড়াশোনার জন্য তৈরি করা হয় না; বরং তাদের এমন ভবিষ্যৎ নাগরিক হিসেবে গড়ে তোলা হয়, যারা দায়িত্বশীল, নৈতিক, সহানুভূতিশীল এবং সমাজে শ্রদ্ধাশীল হয়ে ওঠে।’
এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য জনাব এম. এ. কাশেম বলেন, ‘আমাদের আন্তর্জাতিক চিকিৎসা গবেষণা ইনস্টিটিউট এবং নার্সিং প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। বিশ্বে এ খাতে জনবলের ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষিতে যুক্তরাজ্যের কিছু বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে আমাদের সঙ্গে কাজ করার আগ্রহ দেখিয়েছে। আমি সরকারের প্রতি আহ্বান জানাই— এ ধরনের প্রতিষ্ঠান গড়ে উঠলে দেশের স্বাস্থ্যখাত আরও শক্তিশালী হবে। চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার ফলে যে বিপুল বৈদেশিক মুদ্রা ব্যয় হয়, তা দেশে রাখা সম্ভব হবে।’
এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য জনাব বেনজীর আহমেদ বলেন,‘বিশ্ববিদ্যালয় জীবন চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি নিজেকে আবিষ্কার করার এবং পৃথিবী বদলে দেওয়ার প্রস্তুতির সময়। একটি বিশ্ববিদ্যালয় ডিগ্রি দিতে পারে, কিন্তু তোমাদের চরিত্র ও সাহসই তোমাদেরকে মহান করে তুলতে পারে।’
এনএসইউ উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, ‘নর্থ সাউথ ইউনিভার্সিটি শুধু সার্টিফিকেট বা ডিগ্রি নয়; এটি শিক্ষার্থীদের বাস্তব জ্ঞান অর্জন এবং ভবিষ্যতের নেতৃত্বের জন্য সহায়ক একটি প্রতিষ্ঠান। এখানে শিক্ষার্থীদের স্বাধীনভাবে চিন্তা করতে, সৃজনশীল হতে এবং উদ্ভাবনী মানসিকতা গড়ে তুলতে উৎসাহিত করা হয়, যা শিক্ষার্থীদের জীবনে সফল হতে এবং সমাজে অবদান রাখতে সাহায্য করে।’
এনএসইউ’র উপ-উপাচার্য অধ্যাপক নেছার উদ্দিন আহমেদ অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন। নর্থ সাউথ ইউনিভার্সিটি সাংস্কৃতিক সংগঠনের (এনএসইউএসএস) মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


