নারায়ণগঞ্জে ও রাজবাড়িতে পৃথক অভিযানে ৪টি ড্রেজার, ২টি বাল্কহেড ও ২টি ট্রলারসহ ১৫ জন দুষ্কৃতিকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, নারায়ণগঞ্জের ধর্মগঞ্জ মোহনা সংলগ্ন এলাকায় গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালিন ওই এলাকা হতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ৩টি ড্রেজার (গ্রাফ) ও ২টি ট্রলারসহ ৫ জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়।
জব্দকৃত ড্রেজার, বাল্কহেড ও আটককৃত দুষ্কৃতিকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম পক্রিয়াধীন রয়েছে।
অপরদিকে, রাজবাড়ির গোয়ালন্দ ঘাট থানাধীন কলাবাগান সংলগ্ন এলাকায় আজ মঙ্গলবার মধ্যরাত ৩টায় কোস্ট গার্ড অস্থায়ী কন্টিনজেন্ট রাজবাড়ি কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালিন উক্ত এলাকা হতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ১টি ড্রেজার ও ২টি বাল্কহেডসহ ১৩ জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়। এসময় আটককৃত দুষ্কৃতিকারীদের মধ্যে ৩ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
জব্দকৃত ড্রেজার, বাল্কহেড ও আটককৃত দুষ্কৃতিকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গোয়ালন্দ নৌপুলিশের নিকট হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, বালুখেকোদের হাত থেকে ফসলি জমি এবং আবাসস্থল রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

