বন্যাকবলিত পরিবারের মাঝে ব্র্যাক ব্যাংকের ত্রাণ সহায়তা

বন্যাকবলিত পরিবারের মাঝে ব্র্যাক ব্যাংকের ত্রাণ সহায়তা

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ব্র্যাক ব্যাংক। মানবিক সহায়তার অংশ হিসেবে বন্যাদুর্গত মানুষের জন্য ২ কোটি টাকার জরুরি ত্রাণ সহায়তা প্রদান করেছে ব্যাংকটি। ব্র্যাকের ইমার্জেন্সি রেসপন্স টিমের সহযোগিতায় এই সহায়তার মাধ্যমে ৪,৫০০টি পরিবারের ২২ হাজারেরও বেশি মানুষ উপকৃত হবেন।

বিজ্ঞাপন

টানা বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি, চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় ব্যাপক বন্যা দেখা দেয়। এতে হাজারো পরিবার পানিবন্দি হয়ে পড়ে এবং ঘরবাড়ি, কৃষিজমি ও জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জরুরি চাহিদা পূরণে মানবিক সহায়তা কার্যক্রমে যুক্ত হয়েছে ব্র্যাক ব্যাংক।

সহায়তা কার্যক্রমের আওতায় প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে ব্র্যাকের সাত দিনের খাদ্য সহায়তা প্যাকেজ প্রদান করা হবে। প্রতিটি প্যাকেজে থাকবে প্রায় ৩,৫০০ টাকা মূল্যের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী। পাশাপাশি প্রতিটি পরিবারকে অতিরিক্ত ১,০০০ টাকা নগদ সহায়তা দেওয়া হবে, যাতে তারা নিজেদের জরুরি প্রয়োজন অনুযায়ী প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করতে পারে। ব্যাংকটির বিশ্বাস, দুর্যোগ-পরবর্তী সংকটময় সময়ে এই সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মৌলিক চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ প্রসঙ্গে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারেক রেফাত উল্লাহ খান বলেন, “মানুষের পাশে দাঁড়ানো ব্র্যাক ব্যাংকের মূল উদ্দেশ্যের একটি অবিচ্ছেদ্য অংশ। ব্র্যাকের ইমার্জেন্সি রেসপন্স টিমের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে আমরা বন্যাকবলিত হাজারো পরিবারের কাছে সময়োপযোগী সহায়তা পৌঁছে দিচ্ছি, যাতে তাঁরা নিজেদের জরুরি প্রয়োজন মেটাতে পারেন এবং বন্যা-পরবর্তী সময়ে নতুন করে শুরু করতে পারেন। বাংলাদেশের মানুষের প্রয়োজনে তাঁদের পাশে থাকতে আমরা সবসময় প্রতিশ্রুতিবদ্ধ।”

তিনি আরও বলেন, দুর্যোগের সময় শুধু তাৎক্ষণিক ত্রাণ নয়, ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফিরে আসার পথকে সহজ করাও গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যেই ব্র্যাক ব্যাংক বিভিন্ন সময়ে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে।

ব্র্যাক ব্যাংক জানায়, মানবিক সংকটে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর পাশে সময়োপযোগী সহায়তা নিয়ে তারা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সামাজিক উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠানটির করপোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR) কার্যক্রম পরিচালিত হচ্ছে। সাম্প্রতিক এই উদ্যোগও সমাজে ইতিবাচক প্রভাব সৃষ্টি এবং দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে ব্যাংকটির দীর্ঘমেয়াদি অঙ্গীকারেরই প্রতিফলন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন