ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়নে এনসিসি ব্যাংক ও পিকেএসএফ-এর মধ্যে চুক্তি

ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়নে এনসিসি ব্যাংক ও পিকেএসএফ-এর মধ্যে চুক্তি

দেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য প্রাতিষ্ঠানিক অর্থায়নের সুযোগ আরও সম্প্রসারণ এবং ঋণপ্রবাহ সহজতর করার লক্ষ্যে এনসিসি ব্যাংক পিএলসি ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বিজ্ঞাপন

২০২৬-২৭ অর্থবছরের জন্য ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিম (সিইএস)-এর আওতায় সম্প্রতি এ চুক্তি সম্পন্ন হয়। চুক্তির আওতায় পিকেএসএফ-এর গ্যারান্টি সহায়তায় এনসিসি ব্যাংক পিকেএসএফ-এর তালিকাভুক্ত অংশীদার সংস্থাগুলোকে ঋণসুবিধা প্রদান করবে। পরবর্তীতে এসব অংশীদার সংস্থা দেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যে এই অর্থ বিতরণ করবে।

এ উদ্যোগের ফলে ক্ষুদ্র উদ্যোক্তাদের সহজে অর্থায়নের সুযোগ সৃষ্টি হবে, নতুন উদ্যোক্তা গড়ে উঠবে, কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান এবং পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র হস্তান্তর করেন।

এ সময় এনসিসি ব্যাংকের এসভিপি ও হেড অব এসএমই শরীফ মোহাম্মদ মহসীনসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এই অংশীদারিত্বের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য প্রাতিষ্ঠানিক অর্থায়নের পরিধি আরও বিস্তৃত হবে। পাশাপাশি দেশের আর্থিক অন্তর্ভুক্তি জোরদার, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন