কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস সেমস-গ্লোবাল ইউএসএ এর আয়োজনে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তিন দিনের আন্তর্জাতিক প্রদর্শনী ফুড, এগ্রো, মেডিটেক্স এবং হেলথ ট্যুরিজম এক্সপো ২০২৬ শুরু হয়েছে। প্রদর্শনী ৭-৯ মে, প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে।
বৃহস্পতিবার রাজধানীর প্রদর্শনীসমূহের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরুন এন. ইসলাম, প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর, সেমস-গ্লোবাল (ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিক)।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফিরোজ উদ্দিন; কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক, ড. সালমা লাইজু; স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. মহসীন; বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোছা. নারগিস মুরশিদা; বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডার) ডিরেক্টর জেনারেল গাজী এ.কে.এম ফজলুল হক এবং আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম) নির্বাহী কমিটির সদস্য মির্জা সজীব রায়হান।
খাদ্য, কৃষি ও প্লাস্টিক শিল্পের অত্যাধুনিক সরঞ্জাম, উন্নত প্রযুক্তি, পণ্য এবং পরিষেবা বিষয়ক এ প্রদর্শনীসমূহে বাংলাদেশ, ভারত, চীন, পাকিস্তান, শ্রীলংকা, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, ব্রাজিল, থাইল্যান্ড, সুইজারল্যান্ড, জাপান, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাতসহ ১৫ টিরও অধিক দেশের প্রায় ১০০টি কোম্পানি, ১৬০টিরও অধিক বুথ নিয়ে অংশগ্রহণ করেছে।
একইসঙ্গে চিকিৎসা সরঞ্জাম, স্বাস্থ্যসেবা ও পর্যটন খাতের আন্তর্জাতিক প্রদর্শনী মেডিটেক্স ও হেলথ ট্যুরিজম ২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশের স্বাস্থ্যসেবা, চিকিৎসা সরঞ্জাম, অস্ত্রোপচার, ফার্মাসিউটিক্যাল ও ডায়াগনস্টিক যন্ত্রপাতি এবং হাসপাতালের সরঞ্জাম ও সরবরাহ খাতকে কেন্দ্র করে ‘১৭তম মেডিটেক্স বাংলাদেশ ২০২৬ ইন্টারন্যাশনাল এক্সপো’, ‘১০ম বাংলাদেশ ক্লিনিক্যাল ল্যাব এক্সপো ২০২৬’ এবং ‘১২তম ফার্মা বাংলাদেশ ২০২৬ ইন্টারন্যাশনাল এক্সপো’ আইসিসিবির নবরাত্রি হল-৪-এ অনুষ্ঠিত হচ্ছে।
স্বাস্থ্য পর্যটন এবং চিকিৎসা ক্ষেত্রে উন্নত প্রযুক্তি ও সেবা নিয়ে স্বাস্থ্য সমস্যার সমাধান, দেশি-বিদেশি হাসপাতাল ও চিকিৎসকদের সহযোগিতা বিষয়ক এ প্রদর্শনীসমূহে ভারত, পাকিস্তান, চীন, শ্রীলংকা, ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত, নেপাল, সিঙ্গাপুর, তুরস্ক, বাংলাদেশ, দক্ষিণ কোরিয়া, মরোক্কো, থাইল্যান্ড ও মালয়েশিয়াসহ ১৫ টিরও অধিক দেশের প্রায় ৯০টি কোম্পানি ও হাসপাতাল, ১৫০টিরও অধিক বুথ নিয়ে অংশগ্রহণ করেছে।
প্রদর্শনীর পাশাপাশি রয়েছে ছয়টি বিশেষায়িত সেমিনার। ‘৯ম এগ্রো বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৬’-এর অংশ হিসেবে চারটি, ‘৯ম ফুড বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৬’ এর অংশ হিসেবে একটি এবং ‘১৭তম মেডিটেক্স বাংলাদেশ এক্সপো ২০২৬’-এর অংশ হিসেবে একটিসহ, থাকছে মোট ছয়টি বিশেষায়িত সেমিনার। এগ্রি, পোল্ট্রি, লাইভস্টক ও এগ্রো-প্রসেসিং খাতে জ্ঞান বিনিময়, কৃষিখাতে স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবায় প্রযুক্তিগত উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে এসব সেমিনার অনুষ্ঠিত হচ্ছে।
উল্লেখ্য, ১৯৯২ সালে প্রতিষ্ঠিত সেমস-গ্লোবাল বিগত তিন দশকে, বিশ্বের বিভিন্ন দেশে ৭৬২টিরও বেশি আন্তর্জাতিক প্রদর্শনী সফলভাবে আয়োজন করেছে। এসব আয়োজনে অংশ নিয়েছে ৫৫ হাজারের বেশি প্রদর্শক প্রতিষ্ঠান এবং প্রায় ২০ লাখ ব্যবসায়িক দর্শনার্থী। সেমস-গ্লোবাল-এর ফ্ল্যাগশিপ প্রদর্শনীসমূহের মধ্যে রয়েছে টেক্সটাইল সিরিজ, পাওয়ার সিরিজ, বিল্ড সিরিজ, ফুড অ্যান্ড এগ্রো এক্সপো, মেডিটেক্স এবং অটো সিরিজ।
রেজিস্ট্রেশনের জন্য ভিজিট করুন: www.e-registrations.com ওয়েবসাইটে কিংবা যোগাযোগ করুন +8801711396000 নম্বরে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


