বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান হুয়ারান টেক্স

বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান হুয়ারান টেক্স
বেপজা-অর্থনৈতিক-অঞ্চলে-৩০-মিলিয়ন-মার্কিন-ডলার-বিনিয়োগ-করবে-চীনা-প্রতিষ্ঠান-হুয়ারান-টেক্স

বেপজা অর্থনৈতিক অঞ্চল, মিরসরাই, চট্টগ্রামে টেক্সটাইল পণ্য উৎপাদন কারখানা স্থাপন করতে ৩০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান হুয়ারান টেক্স কোম্পানি লিমিটেড।

বিজ্ঞাপন

গত ১৬ জুলাই ঢাকার বেপজা কমপ্লেক্সে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) এবং হুয়ারান টেক্স কোম্পানি লিমিটেডের মধ্যে একটি ভূমি ইজারা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

৩৬ হাজার বর্গমিটার জমির ওপর স্থাপিতব্য এ কারখানা পূর্ণ উৎপাদনে গেলে বছরে ২৪ হাজার টন সুতা এবং ২০ মিলিয়ন মিটার গ্রে ওভেন ফেব্রিক উৎপাদন করতে সক্ষম হবে। পাশাপাশি এখানে ৫৮০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং হুয়ারান টেক্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মি. বিন ওয়াং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটিতে স্বাক্ষর করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি, এমফিল চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করেন।

বেপজার নির্বাহী চেয়ারম্যান তার বক্তব্যে বাংলাদেশ তথা বেপজা অর্থনৈতিক অঞ্চলকে বিনিয়োগের গন্তব্য হিসেবে বেছে নেওয়ার জন্য হুয়ারান টেক্স কোম্পানি লিমিটেডকে আন্তরিক ধন্যবাদ জানান।

তিনি বলেন, বেপজা বিনিয়োগকারীদের জন্য একটি নিরাপদ, আধুনিক ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এ সময় তিনি বেপজা অর্থনৈতিক অঞ্চলে সফল ও নির্বিঘ্ন ব্যাবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য প্রতিষ্ঠানটিকে বেপজার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশিদ আলম, নির্বাহী পরিচালক (প্রশাসন) সমীর বিশ্বাস, বেপজা অর্থনৈতিক অঞ্চলের প্রকল্প পরিচালক মোহাম্মদ এনামুল হক, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ এস এম আনোয়ার পারভেজসহ বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন