পবিত্র ওমরাহ পালনে আনসার-ভিডিপির ২০২৬ কাফেলার আনুষ্ঠানিক শুভযাত্রা

পবিত্র ওমরাহ পালনে আনসার-ভিডিপির ২০২৬ কাফেলার আনুষ্ঠানিক শুভযাত্রা

পবিত্র ওমরাহ-২০২৬ পালনের লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মনোনীত কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের নিয়ে গঠিত ওমরাহ কাফেলার আনুষ্ঠানিক শুভযাত্রা উপলক্ষে ভিসা, বিমান টিকিট ও বিশেষ উপহারসামগ্রী বিতরণ এবং দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। অনুষ্ঠানে তিনি ৩ জন কর্মকর্তা ও ১৯ জন সদস্যসহ মোট ২২ জন মনোনীত ওমরাহযাত্রীর হাতে ভিসা, বিমান টিকিট ও বিশেষ উপহারসামগ্রী তুলে দেন।

এ সময় মহাপরিচালক ওমরাহ কাফেলার সদস্যদের সুস্বাস্থ্য ও নিরাপদ যাত্রা কামনা করেন। পাশাপাশি যথাযথ নিয়মনীতি ও শৃঙ্খলা মেনে পবিত্র ওমরাহ পালনের পাশাপাশি দেশের ও বাহিনীর কল্যাণে দোয়া করার জন্য তাঁদের প্রতি দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক বলেন, পবিত্র হজ ও ওমরাহ পালনের জন্য তারুণ্যই উপযুক্ত সময়। জীবনের শুরুতেই ধর্মীয় অনুশীলন ও আত্মশুদ্ধির চর্চা মানুষকে নৈতিকভাবে সমৃদ্ধ করে। আর সব ধরনের সংস্কারের মূল ভিত্তি হলো মানসিকতার সংস্কার। তাই প্রত্যেককে ইতিবাচক মানসিকতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে ব্যক্তিগত জীবন ও পেশাগত দায়িত্ব পালনে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান তিনি।

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একটি সুশৃঙ্খল, জনসম্পৃক্ত ও জনকল্যাণমুখী প্রতিষ্ঠান। পবিত্র ওমরাহ থেকে অর্জিত শিক্ষা ও মূল্যবোধ যেন সদস্যদের ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রেও প্রতিফলিত হয়, সে বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন।

সফরসংশ্লিষ্ট দিকনির্দেশনা প্রদানকালে মহাপরিচালক মনোনীত সদস্যদের যথাযথ মর্যাদা ও শৃঙ্খলা বজায় রেখে চলার আহ্বান জানান। সফরকালে পারস্পরিক সহযোগিতা, দলীয় শৃঙ্খলা, ব্যক্তিগত নিরাপত্তা এবং বয়োজ্যেষ্ঠ ও অসুস্থ সহযাত্রীদের প্রতি বিশেষ যত্নশীল হওয়ার নির্দেশনা দেন তিনি। পাশাপাশি সফরসংশ্লিষ্ট নির্দেশনা অনুসরণ করে সতর্কতার সঙ্গে যাত্রা সম্পন্ন করার পরামর্শ প্রদান করেন। পবিত্র ভূমিতে দেশ, জাতি ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া করার জন্যও তিনি ওমরাহযাত্রীদের প্রতি আহ্বান জানান।

পবিত্র ওমরাহ-২০২৬ পালনের জন্য মনোনীত সদস্যদের প্রতি বাহিনীর এ বিশেষ উদ্যোগ তাঁদের পেশাগত নিষ্ঠা ও আন্তরিকতার স্বীকৃতি বহন করে। মহাপরিচালকের আন্তরিক শুভেচ্ছা ও দিকনির্দেশনা তাঁদের মনোবলকে আরও সুদৃঢ় করবে। আশা করা যায়, পবিত্র ওমরাহ পালনের মাধ্যমে সদস্যরা আত্মশুদ্ধি ও নতুন অনুপ্রেরণা লাভ করে ভবিষ্যতে কর্মক্ষেত্রে আরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন।

অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন