রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন জুলাই স্মৃতি জাদুঘর (সাবেক গণভবন) এলাকায় দায়িত্বরত অবস্থায় ছিনতাইকারীদের ধাওয়া করে আটক করতে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন পুলিশের দুই সদস্য। তবে সাহসিকতার সঙ্গে রক্তাক্ত অবস্থাতেই দুই ছিনতাইকারীকে জাপটে ধরে গ্রেপ্তার করেছেন তারা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে।
আহতরা হলেন—শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) সামছুজ্জোহা সরকার (৩৪) ও কনস্টেবল হৃদয় বড়ুয়া (২২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে জুলাই স্মৃতি জাদুঘরের সামনের সড়কে কয়েকজন ছিনতাইকারী একটি ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করে পালানোর সময় অটোরিকশাচালক চিৎকার শুরু করেন। ওই এলাকায় মোটরসাইকেলে টহল ডিউটিতে থাকা এসআই সামছুজ্জোহা ও কনস্টেবল হৃদয়ের চিৎকার শুনে সঙ্গে সঙ্গে ছিনতাইকারীদের পিছু নেন।
ছিনতাইকারীরা পুলিশকে দেখে পালানোর চেষ্টা চালালে তারা আটকের চেষ্টা করেন। একপর্যায়ে ধারালো ছুরি বের করে বেপরোয়া ছিনতাইকারীরা উপর্যুপরি ছুরিকাঘাত করে দুই পুলিশ সদস্যকে। এতে রক্তে ভিজে যায় তাদের পোশাক। কিন্তু তাতেও দমেননি তারা। আহত অবস্থাতেই দুই ছিনতাইকারীকে আটক করে ফেলেন পুলিশ সদস্যরা। পরে তাদের থানায় নিয়ে যাওয়া হয়।
আহত অবস্থায় দুই পুলিশ সদস্যকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে অবস্থার অবনতি ঘটলে রাত আড়াইটার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন।
শেরেবাংলা নগর থানার ডিউটি অফিসার এসআই ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ‘আমাদের দুই সহকর্মী ছিনতাইকারীর হামলায় আহত হয়েছেন। তারা এখন রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।’
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত দুই ছিনতাইকারীর বিরুদ্ধে ছিনতাই ও পুলিশ সদস্যদের ওপর হামলার অভিযোগে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

