ঢাকার বায়ুদূষণ, অপরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের নেতৃত্বে নগরীর সব শিক্ষার্থীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র কেন্দ্র (টিএসসি) এলাকায় ডিএসসিসির সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ এবং বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়।
ডিএসসিসি প্রশাসক বলেন, বাংলাদেশের ইতিহাসে সবসময় ঢাকা বিশ্ববিদ্যালয় জাতিকে পথ দেখিয়েছে। বর্তমান বায়ুদূষণ ও অপরিচ্ছন্ন পরিবেশ থেকে বেরিয়ে আসতে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদেরই নেতৃত্ব দিতে হবে।
তিনি বলেন, শহীদ মিনার, টিএসসি ও শাহবাগের মতো জাতীয় গুরুত্বপূর্ণ স্থানগুলোর পরিচ্ছন্নতা বজায় রাখা সবার দায়িত্ব। নগরীর পরিবেশ পরিষ্কার রাখতে নাগরিকদের পাশাপাশি শিক্ষার্থীদেরও সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
ডিএসসিসি প্রশাসক আরও জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরিচ্ছন্নতা রক্ষায় সিটি করপোরেশনের পক্ষ থেকে ২০০টি ডাস্টবিন বা ওয়েস্ট বিন স্থাপন করা হয়েছে। প্রয়োজনে ক্যাম্পাসের পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করতে সিটি করপোরেশনের পক্ষ থেকে পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ দেওয়া হবে।
অনুষ্ঠানে ডিএসসিসি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ, ফগার মেশিন বিতরণ ও মশক নিধন কার্যক্রমের বিষয়টি তুলে ধরা হয়। পাশাপাশি নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে টিএসসি থেকে একটি জনসচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলা ভবনের অপরাজেয় বাংলার পাদদেশে গিয়ে শেষ হয়। পরে সেখানে ডিএসসিসির উদ্যোগে স্থাপিত ২০০টি ওয়েস্ট বিনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম এবং ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ইসরাফিল রতন।
এ ছাড়া ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন।
‘ক্লিনিং ডে’ উপলক্ষে রাজধানীর মুগদায় পৃথক একটি জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
সমাবেশ শেষে অতিথিরা ওয়াসা রোড প্রান্তের মান্ডা খাল পরিদর্শন করেন এবং বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানে অংশ নেন। পরে হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন তারা।
ডিএসসিসির সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে একই দিনে দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডে একযোগে বিশেষ পরিচ্ছন্নতা, মশক নিধন অভিযান ও জনসচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে এসব কর্মসূচিতে স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ অংশ নেন। বিভিন্ন এলাকায় মশার ওষুধ ছিটানোর পাশাপাশি সড়ক, ড্রেন, খাল ও আশপাশের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
ডেঙ্গুর বিস্তার রোধে বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি জমে থাকা পানি অপসারণ এবং নিয়মিত মশক নিধন কার্যক্রম চালিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দেন সংশ্লিষ্টরা।
ডিএসসিসির পক্ষ থেকে জানানো হয়, নগরীর পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমকে আরও কার্যকর করতে নিয়মিতভাবে এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখা হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


